ভোলার দৌলতখান উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফাতেমা (৬) ও জোবায়দা (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে খালাতো বোন। নিহত ফাতেমা উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদার উল্লাহ গ্রামের মো. শাকিলের মেয়ে ও জোবায়দা একই এলাকার মো. হোসেনের মেয়ে। গত বুধবার বিকেলে নিখোঁজ হওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে দুজনের মরদেহ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়।জানা গেছে, বুধবার বিকেলের দিকে ফাতেমা ও জোবায়দা বাড়ির আঙিনায় খেলাধুলা করছিলেন। তাদের না দেখে পরিবারের সদস্যরা গ্রামে মাইকিং করে। পরে রাত ১০টার দিকে তাদের বাড়ির পুকুর থেকে প্রথমে জোবায়দার এবং সাড়ে ১০টার দিকে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে গোসল করতে নেমে জাহানারা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।