সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অগ্নিবীণায় রিক্তের বেদন

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে
হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?কাণ্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র!হিন্দু-মুসলিমকে আলাদা করেননি তিনি। ধনী-গরিব সবাইকে মেপেছেন মানুষের মর্যাদায়। ছিলেন আপাদমস্তক অসাম্প্রদায়িক, গেয়েছেন সাম্যের গান। শোষিত-নিপীড়িতের বঞ্চনা ও ক্ষোভকে বুকে ধারণ করে তিনি বাজিয়েছিলেন অগ্নিবীণা।সর্বহারা তিনি বুঝেছিলেন রিক্তের বেদন।স্বাধীনতার সংগ্রামে ছিলেন উন্নত মম শির। বিদ্রোহের প্রতি ছত্রে তিনিই এঁকেছেন চপল মেয়ের কাঁকন চুড়ির কনকন। তিনি বিদ্রোহী, তিনি প্রেমিক, তিনিই প্রতিবাদী, তিনি যোদ্ধা।তিনি এক গানের পাখি। সবার ওপরে তিনি মানুষ। তিনি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। আজ বুধবার ১২ ভাদ্র, তাঁর ৪৯তম প্রয়াণ দিবস।নজরুল ইসলামের জন্ম ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে (ইংরেজি ১৮৯৯)। অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম তাঁর। মাত্র আট বছর বয়সে পিতৃহারা হন। ছোটবেলা থেকেই দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। জীবিকার তাগিদে রুটির দোকানেও কাজ করেছিলেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ১৯৭২ সালের ২৪ মে অসুস্থ কবিকে বাংলাদেশে নিয়ে আসা হয়। ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি-লিট উপাধি দেয়। ১৯৭৬ সালে বাংলাদেশের নাগরিকত্ব ও একুশে পদক পান তিনি। নির্বাক কবি সে বছরেরই ২৯ আগস্ট (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে) পরলোকগমন করেন। তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয়।

কর্মসূচি

জাতীয় কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল ৮টায় বাংলা একাডেমি জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে।বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল ৫টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে পুরো অনুষ্ঠান।বিকেল ৪টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা, হামদ-নাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।এ ছাড়া নজরুল প্রয়াণ দিবসে আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে থাকছে বিশেষ অনুষ্ঠান। নজরুলের প্রয়াণ দিবসে এ ছাড়া দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং বেসরকারি টেলিভিশনগুলো এ উপলক্ষে সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, নাটকসহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাণী : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা জানান। তারেক রহমান বলেন, ‘কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করে। মহান স্বাধীনতাযুদ্ধ, নব্বইয়ের গণ-আন্দোলন ও চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় তাঁর কবিতা ও গান এ দেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে, উজ্জীবিত করেছে। যুগ যুগ ধরে অধিকারহারা মানুষকে সাহসী প্রতিবাদে উদ্দীপ্ত করবে তাঁর সাহিত্যকর্ম।’এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে এক চিরকালীন দ্রোহের প্রতীক। সাহিত্য ও শিল্পকর্মে তাঁর ছিল বহুমুখী প্রতিভা। কিন্তু তাঁর প্রধান পরিচয় তিনি কবি। তাঁর রচনা আমাদের স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করে।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com