চট্টগ্রামের হালদা নদীর শাখা খাল কাটাখালী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ছয় মাসের মধ্যে এই নিয়ে দুইটি ডলফিন মারা গেল। এ ছাড়া গত ৮ বছরে হালদা নদী থেকে মোট ৪৬টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানার কাটাখালী খাল থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।হালদা অস্থায়ী নৌ পুলিশ ফাঁড়ির এএসআই রমজান আলী কালের কণ্ঠকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাটাখালী খাল থেকে একটি ডলফিন উদ্ধার করা হয়েছে। ডলফিনের সুরতহাল শেষে এটিকে মাটিচাপা দেওয়া হয়। ডলফিনটির দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি ও প্রস্থ ৩২ ইঞ্চি। ওজন ৩৭ কেজি।পচে যাওয়ায় এটিকে সংরক্ষণ করার ব্যবস্থা না থাকায় মাটিচাপা দেওয়া হয়। মাছ শিকারিদের জালে আটক হওয়ার কারণে ডলফিনটির মৃত্যু হয়েছিল বলে ধারণা করছি। এটির ঠোঁট কেটে ফেলা হয়েছে।’ হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া কালের কণ্ঠকে বলেন, ‘গত ৮ বছরে হালদা নদী থেকে ৪৬টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।৪৫তম মৃত ডলফিনটি গত ১২ ফেব্রুয়ারি উদ্ধার করা হয়েছিল।’