অসুস্থ মাকে হাসপাতালে দেখতে এসেছিলেন ছেলে। এসে শুনলেন মারা গেছেন মা চায়না খাতুন। মায়ের মৃত্যুর খবর শুনে ১০ মিনিটের ব্যবধানে হাসপাতালেই স্ট্রোকে মারা যান ছেলে সাইফুল ইসলামও। গত শনিবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।চায়না খাতুন (৬৩) চুয়াডাঙ্গা পৌর শহরের বাগানপাড়ার মৃত আলাউদ্দীনের স্ত্রী ও তাঁর ছোট ছেলে সাইফুল ইসলাম (৪০)। পরিবারের স্বজনরা জানিয়েছেন, শনিবার বিকেলে হঠাৎ দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন চায়না খাতুন। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাঁকে নেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে চায়না খাতুনের প্রাথমিক চিকিৎসা শুরু হলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।