সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া তিন সদস্যকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তারা হলেন, মো: মহিউদ্দিন, মুহাম্মদ শাহীন চৌধুরী (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) ও এম আমজাদ হোসেন (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক)।
গতকাল রোববার দুপুর ২টায় সুপ্রিম কোর্টেরে জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা। এ সময় আপিল বিভাগের বিচারপতি, পিএসসির কর্মকর্তাগণ ছিলেন।
এর আগে, গত ২০ আগস্ট সরকারি কর্ম কমিশনে (পিএসসি) তিন জন সদস্য নিয়োগ দেয় সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা তিন প্রজ্ঞাপনে প্রেসিডেন্ট কর্তৃক এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে প্রেসিডেন্ট এই তিন কর্মকর্তাকে সদস্য পদে নিয়োগ করেছেন।সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত তারা সরকারি কর্মকমিশনের সদস্য পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বর্তমানে পিএসসির সদস্য সংখ্যা ১৫। এই নিয়োগের ফলে পিএসসির সদস্য সংখ্যা ১৮- তে দাঁড়াল।বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) দেশের স্বায়ত্বশাসিত সংস্থা। এটির কাজ হচ্ছে সরকারি চাকরিতে নিযোগ সংক্রান্ত দায়িত্ব পালন করা। এটি একটি সাংবিধানিক ও স্বাধীন সংস্থা।