চলতি বছরই সরাসরি ফ্লাইট : জাম কামাল খান
এ বছরের শেষে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু হবে। দুই দেশের বন্দরের মধ্যে কানেক্টিভিটি বৃদ্ধি পেলে দেশ দুটির মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন দুয়ার উন্মোচিত হবে। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম চেম্বারের আয়োজনে ব্যবসায়ী কমিউনিটির সঙ্গে মতবিনিময়ের সময় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এই আশাবাদ ব্যক্ত করেন।এ সময় ব্যবসায়ীরা দুই দেশের মধ্যে শিল্পের কাঁচামাল বিনিময়, শিপ ব্রেকিং শিল্পের কনভেনশন পেছাতে একযোগে কাজ করাসহ সর্বোপরি শিল্প ও বাণিজ্যের সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, ‘ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন সম্ভাবনা চিহ্নিতকরণের লক্ষ্যে এরই মধ্যে একাধিক ব্যাবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে এবং আরো প্রতিনিধিদল সফর করবে। বর্তমান পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতির ধারা আমাদের সামনে অনেক সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে। এরই মধ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের পাকিস্তানি ভিসা সহজীকরণের ব্যবস্থা হয়েছে।’নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে এই সভায় বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী, বিএসআরএম গ্রুপ চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী, পান রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. একরামুল করিম চৌধুরী, বিজিএমইএ পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী, বাফার সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম চৌধুরী (মিজান), প্রান্তিক গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার প্রমুখ।