সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলের মধ্যে আলোচনার প্রয়োজন আছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গতকাল বুধবার দুপুরে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান জামায়াতের নায়েবে আমির। তবে এর আগেই মির্জা ফখরুল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরে যান।জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাংবাদিকদের বলেন, ‘ডাক্তারদের কাছ থেকে জেনেছি, তিনি (মির্জা ফখরুল) এখন ভালো আছেন। তাঁর মতো একজন ভদ্র, বিজ্ঞ, অভিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিবিদের এই সময়ে সুস্থ থাকা জাতির জন্য অত্যন্ত জরুরি। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ আমরা বাসায় গিয়েও তাঁর খোঁজ নেব।








