সার্বিক বিবেচনায় এবারের নির্বাচন থেকে বড় একটি রাজনৈতিক দল আপাতত নির্বাসিত এবং নির্বাচনের মাঠ থেকে বিতাড়িত। অন্যদিকে গড়ে উঠেছে নতুন নতুন বেশ কিছু রাজনৈতিক দল, যারা প্রথমবারের মতো সরাসরি নির্বাচনের মাঠে নামছে। আপাতদৃষ্টিতে নির্বাচনী মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেকটাই এগিয়ে রয়েছে। রাজনীতি ও ভোটের মাঠে সবচেয়ে বৃহৎ দল হওয়ার কারণে দলটির সম্ভাব্য প্রার্থীর সংখ্যাও অনেক বেশি। ভোট সামনে রেখে জামায়াতে ইসলামী আগেভাগেই বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থী ঘোষণা দিয়ে রেখেছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও নিজ নিজ নির্বাচনী আসনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের একটি অংশ এনসিপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনের প্রস্তুতি হিসাবে দেশজুড়ে পদযাত্রা করেছে।
ফ্যাসিবাদের পতন-পরবর্তী নির্বাচনে ভোটারদের কদর অন্যরকমভাবে বেশি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁরা মনে করেন, প্রার্থীদেরও অবতীর্ণ হতে হবে কঠিন পরীক্ষায়। ভোটের মাঠে সঠিক প্রার্থী বাছাই রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হবে। কারণ দেশের মানুষ রাজনীতির নতুন বন্দোবস্ত চায়। তাই এবারের নির্বাচনে অংশ নেওয়া সব দলকে প্রার্থী যাচাই-বাছাই এবং নির্বাচনী ইশতেহার ঘোষণার ক্ষেত্রে যুগোপযোগী কর্মকৌশল গ্রহণ করতে হবে।