মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রাষ্ট্রপতির ছবি আগেই নামিয়ে ফেলেছে অধিকাংশ দূতাবাস

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

বিদেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোর দেয়াল থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার মৌখিক নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৫ আগস্ট এসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।তবে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গতকাল রবিবার রাতে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, সরকার বা রাষ্ট্রপ্রধানের ছবি সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর বা মিশনকে দেওয়া হয়নি।সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার খবর জানার পরপরই তাঁর ছবি দেয়াল থেকে নামিয়েছিল বিদেশে বাংলাদেশের সব দূতাবাস।লিখিত নির্দেশনা না থাকলেও পরবর্তী কয়েক মাসের মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবিও নামিয়ে ফেলে বেশির ভাগ দূতাবাস। এর পরও হাতে গোনা কয়েকটি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি টাঙানো ছিল। এবার ১৫ আগস্ট রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলতে মৌখিকভাবে নির্দেশনা হয়েছে। এর আগে মৌখিক নির্দেশে শেখ মুজিবুর রহমানের ছবিও নামিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছিল।

তিনি জানান, শুধু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবিও দূতাবাসগুলোতে টাঙানো হচ্ছে না।সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানান, সংবিধান অনুযায়ী জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মৌখিক নির্দেশে বিদেশে বাংলাদেশের মিশনগুলো থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলতে বলা হয়েছে। সেটি কার্যকর করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত শুক্রবার মৌখিক নির্দেশনা দেওয়ার আগেই বিদেশে বাংলাদেশের ৮২টি মিশনের ৬৫টি থেকেই রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছিল। গত শুক্রবার মূলত ওই মিশনগুলোকে ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়।এর মাধ্যমে বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হলো। আগে এ বিষয়ে এ নির্দেশনা ছিল না। ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।বিশ্বের সব দেশের কূটনৈতিক মিশনগুলোয় রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের ছবি প্রদর্শনের ঐতিহ্য আছে। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এর ব্যত্যয় ঘটিয়েছে বাংলাদেশ।

এদিকে দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গতকাল ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে লিখিত কোনো আদেশ দেওয়া হয়নি। এটা নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনাও হয়নি। তবে এই ছবি সরানোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।এদিকে সরকারি অফিসগুলোয় রাষ্ট্রপতির ছবি নেই। মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, বর্তমান আইন অনুযায়ী, সরকারি অফিসে সরকারপ্রধানের ছবি থাকবে। এর বাইরে রাষ্ট্রপতি বা অন্য কারো ছবি থাকার কথা নয়।প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ফেসবুক পোস্টে লেখেন, ‌‘সরকারি দপ্তরে পোর্ট্রেট ব্যবহার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করছে। অলিখিতভাবে জিরো পোর্ট্রেট নীতি বজায় রেখেছে। তার পরও কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ নিজ দায়িত্বে ব্যবহার করেছে। সেগুলো সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি। তার পরও দেখা যাচ্ছে আজ এটা নিয়ে বাজার গরম করে ফেলা হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা করার পর রাজনীতি নিয়ে ঘোঁট পাকানোর সুযোগ কমে আসছে। কাটতি ধরে রাখার জন্য ছোটখাটো অনেক বিষয়কেও এখন তাই পাহাড়সম করে তোলা হচ্ছে।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com