বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সারা দেশে বিএনপির কার্যালয়, বিভিন্ন মসজিদ-মাদরাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা দলের চেয়ারপারসনের আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা জানিয়েছেন।গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতারা দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। বাদ আসর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত মাহফিলে অন্য নেতাদের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আগে থেকেই নির্দেশ দিয়েছিলেন,কোনোভাবেই কেক কেটে আড়ম্বরপূর্ণভাবে খালেদা জিয়ার জন্মদিন পালন করা যাবে না। সেই নির্দেশনা মেনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলের মাধ্যমে দলীয় প্রধানের সুস্থতা কামনা করেন।নয়াপল্টনে দলের কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং নেতাকর্মীদের প্রতি তাঁর যে ভালোবাসা ও স্নেহ, তা তুলনাহীন। বিএনপির দুর্দিনে দলের নেতৃত্ব দিয়ে খালেদা জিয়া যে ভূমিকা রেখেছেন তা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ‘আমরা যারা দেশনেত্রীর সঙ্গে কাজ করেছি, তারা দেখেছি, নানা চাপের মধ্যেও দেশনেত্রীর দৃঢ় মনোবল ছিল। কারাগারে দেশনেত্রী খালেদা জিয়াকে চরম নির্যাতন করা হয়েছে।








