সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বেগম খালেদা জিয়া : আস্থার প্রতীক ড. ওয়াকিল আহমদ

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের রাজনীতিতে এখন একটা ভয়ংকর রকমের অরাজকতা ও দেউলিয়াত্ব চলছে। বিএনপির অন্যতম শীর্ষনেতা সালাহউদ্দিন আহমদ একটি চমৎকার কথা বলেছেন, ‘চাইলাম ডেমোক্রেসি, পেলাম মবক্রেসি’, যা জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের কণ্ঠোচ্চারিত ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ বিখ্যাত স্লোগানের কথা স্মরণ করিয়ে দেয়। শুধু কি মবক্রেসি, অতি সাম্প্রতিক গোপালগঞ্জে এনসিপির দলীয় সভার ওপর ছাত্রলীগের ক্যাডাররা যেরূপ হামলা চলিয়ে মারপিট ও ভাঙচুর করেছে, তাতে মনে হতে পারে, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছেন, কিন্তু ফ্যাসিবাদ রেখে গেছেন। খুনখারাবি, চুরিডাকাতি, চাঁদাবাজি, ঘুষ, অবৈধ দখল নারীনির্যাতন, দ্রব্যমূল্যবৃদ্ধি ইত্যাদির বিরুদ্ধে আন্দোলন হলো, তা তো বন্ধ হয়নি, বরং অনেককিছু বেড়েই চলেছে। তবে প্রশ্ন জাগে আন্দোলনে শত শত নিরীহ ছাত্রজনতা প্রাণ দিল কেন? শত সহস্র আহতের আর্তনাদ ও আহাজারি এখনো থামেনি। যে আশা ভরসা স্বপ্ন নিয়ে লোকজন জীবনবাজি রেখে আন্দোলন করলো, তার শত ভাগের এক ভাগও যদি পূরণ না হয়, তবে বলতেই হয়, ‘সকলি গরল ভেল।’

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৫০ বছর পার হয়ে গেছে। এখন আমরাই রাজা ও প্রজা। অর্ধশত বছর ধরে কী দেখলাম, আর কী পেলাম! দেশ পরিচালনায় আমরা পাঁচজন রাষ্ট্রনায়ক পেয়েছি। প্রথম দুজন সেনাদ্রোহে অকালে প্রাণ হারিয়েছেন; তৃতীয় জন স্বাভাবিক মৃত্যবরণ করেছেন। তাঁরা পুরুষ শাসক ছিলেন। দুজন রাষ্ট্রনায়ক বেঁচে আছেন, দুজনেই নারী শাসকÑ বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা। বেগম খালদা জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, শেখ হাসিনা প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠাকন্যা। শেখ হাসিনা নানা অনাচার-দুষ্কর্মের জন্য অপযশ ও দুর্নামের ভাগী হয়েছেন। এখন তাঁর নামের আগে খুনি, স্বৈরাচার, ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী, দাম্ভিক, জেদী ইত্যাদি নিন্দাবাচক শব্দ উচ্চারিত হয়। তিনি পাঁচ দফা প্রধানমন্ত্রী আসন লাভ করে মোট ২০-২১ বছর দেশ শাসন করেছেন। বেগম খালেদা জিয়া তিন দফা প্রধানমন্ত্রীর আসন লাভ করে ১০ বছর দেশ পরিচালনা করেছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে শেখ মুজিবুর রহমান দেশ ছেড়ে পালাননি, কিন্তু হানাদার সেনাবাহিনী তাঁকে ধরে পাকিস্তানে বন্দি করে রাখে। তাঁর দলবল দেশত্যাগ করে ভারতে আশ্রয়গ্রহণ করে। ২০২৪ সালে শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের চাপে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তাঁর অনুগ্রহভাজন নেতারাও ভারতসহ নানা দেশে আশ্রয়লাভ করেছেন। পিতা-কন্যার পরিণতি কমবেশি একই। শাসকশ্রেণির অন্যায়, অত্যাচার, অবিচার, দমনপীড়ন, দুর্নীতি-দুঃশাসন এমন এক পর্যায়ে চলে যায় যে, নিজের দেশে ঠাঁই মিলে না, প্রাণ বাঁচাতে বিদেশে পালাতে হয়।
জাতীয় নির্বাচনে দল পরাজিত হলে গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে বেগম খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতা থেকে সরে যান। শেখ হাসিনা করেছেন উল্টোটা; তাঁর আমলের তিনটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছেÑ ২০১৪ সালের নির্বাচন ছিল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ও জালভোটের, ২০১৮ সালের নির্বাচন ‘রাতের ভোটের’, ২০২৪ সালের নির্বাচন ‘ডামি ভোটের’। বিএনপিসহ বিরোধী বহু রাজনৈতিক দল সরকারকে ‘অবৈধ সরকার’ বলে আখ্যায়িত করে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানালেও শেখ হাসিনা কর্ণপাত না করে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করেন এবং গুম-খুন, হামলা-মামলা, জেল-জুলুম, দখলদারি-চাঁদাবাজি ইত্যাদি দমনপীড়ন-শোষণশাসন নীতি গ্রহণ করে একনায়কতন্ত্র কায়েম করেন। শুধু তাই নয়, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলিকে দলীয়করণ করে ছদ্ম একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন। বছরের পর বছর ধরে সর্বস্তরের মানুষের জমানো ক্ষোভ-বিদ্বেষ থেকে জুলাই ’২৪ এর ছাত্র-জনতার সম্মিলিত গণঅভ্যুত্থান হয়, জনরোষে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরম অপদস্ত হয়ে গদি ছেড়ে স্বৈরাচার আখ্যা নিয়ে বিদেশে পালাতে বাধ্য হন। তাঁর প্রতি জনগণের ন্যূনতম শ্রদ্ধা বা সহানুভূতি ছিল না। তাঁর রাষ্ট্রীয় আবাস গণভবন, নিজস্ব বাসভবন, পিতৃভবন পুড়িয়েছে, তাঁর প্রতিকৃতিতে জুতা, ইটপাটকেল নিক্ষেপ করে ক্ষান্ত হয়নি, জুতার মালা পরিয়েছে। এ সবকিছুই ছিল জনগণের প্রচ- ক্ষোভ ও ঘৃণার বহিঃপ্রকাশ, যা তাঁর প্রাপ্য ছিল। পালাবার সময় তিনি নিজে কাঁদলেন, আর কারো চোখ থেকে এক ফোটাও অশ্রু ঝরেনি। আন্দোলনরত ছাত্র-জনতা তখন বিজয়ানন্দে উল্লাসে-উচ্ছ্বাসে বিভোর। ভাগ্যের কী নির্মম পরিহাস!দলগতভাবে বিএনপি এবং ব্যক্তিগতভাবে খালেদা জিয়া ছিলেন শেখ হাসিনার চক্ষুঃশূল। ক্ষমতায় থেকে তিনি খালেদা জিয়াকে অমার্জিত ভাষায় কেবল হেনস্থা করেননি, রাষ্ট্রের বরাদ্দকৃত বাসভবন থেকে উৎখাত করেছেন, মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পুরেছেন, নানা ব্যাধিতে আক্রান্ত হলে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করেছেন। জ্যেষ্ঠপুত্র তারেক রহমানকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে শারীরিক-মানসিক নির্যাতন চালিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, তিনি এখনও বিদেশেই রয়েছেন। তাঁর লক্ষ্য ছিল বিএনপিকে নেতৃত্বশূন্য করে ধ্বংস করা। জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তিত হলে বেগম খালেদা জিয়া কারামুক্ত হন। তিনি সম্প্রতি বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। গুলশানের বাসা-এয়ারপোর্ট যাতায়াতের সময় রাজপথে জনতার ঢল নেমেছিল। এ ছিল তাঁর প্রতি মানুষের শ্রদ্ধা-ভালবাসার প্রতিফলন, যা তিনি ক্ষমতায় এবং ক্ষমতার বাইরে থেকে অর্জন করেছেন। কারামুক্তির পর তিনি প্রতিহিংসা থেকে বিরত থাকতে দলের নেতাকর্মীদের ও দেশবাসীর প্রতি আহ্বান জানান, যা ছিল তাঁর স্বভাবসুলভ বদান্যতা ও মহানুভবতা। তিনি ঐ সময় জনগণের মধ্যে ঐক্য ও দেশের প্রতি ভালবাসার কথা বলেন। আমরা তাঁকে কখনো কারো প্রতি কটাক্ষ বা মুখখিস্তি করে কথা বলতে শুনিনি। স্বৈরাচার নয়, শীলাচার ও সদাচার তাঁর ভূষণ, যা তিনি পারিবারিক ঐতিহ্য থেকে পেয়েছেন।

রাজনীতিতে নেমেই বেগম খালেদা জিয়া হুসাইন মুহাম্মদ এরশাদের অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল ও অগণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে অবস্থান গ্রহণ করেন এবং তাঁর অধীনে সকল প্রকার নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেন। নানাবিধ অপশাসন ও অপকর্মের জন্য এরশাদ ‘স্বৈরাচার’ খেতাব পেয়ে যান; ‘বিশ্ববেহায়া’ তাঁর অপর তকমা। স্বৈরশাসকের সঙ্গে কোনো আপোস চলে না। ১৯৮৬ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অংশগ্রহণ করে। অন্যদিকে বেগম খালেদা জিয়া আন্দোলনের মাধ্যমে এরশাদকে ক্ষমতাচ্যুত করে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করতে সক্ষম হন। তিনি ১৯৯১ সালের নির্বাচনে অংশগ্রহণ করে একক সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে জয়ী হন ও সরকার গঠন করে প্রধানমন্ত্রীর পদ আলংকৃত করেন। বেগম খালেদা জিয়া তাঁর নীতিতে অটল থেকে যেরূপ অনমনীয় মনোবল ও সাহসিকতার পরিচয় দেন, তার ফলে দেশবাসী তাঁকে ‘আপোসহীন দেশনেত্রী’ আখ্যায় ভূষিত করে। আমরা পরবর্তী সময়ে দেখছি খালেদা জিয়াকে আমেরিকার নিউ জার্সি স্টেট সিনেট ‘ফাইটার ফর ডেমোক্রেসি’ (২০১১) এবং কানাডার ‘কানাডিয়ান হিউমঅ্যাান রাইটস ইন্টারনেশানাল অর্গানাইজেশন’ নামের একটি সংগঠন ‘মাদার অব ডেমোক্রেসি’ (২০১৮) পদক দান করে। অর্থাৎ তিনি ছিলেন একাধারে ‘গণতন্ত্রের যোদ্ধা’ ও ‘গণতন্ত্রের জননী’। খালেদা জিয়া বিদেশ থেকে এরূপ সম্মাননা ও স্বীকৃতি পাচ্ছেন এমন এক সময়, যখন গণতন্ত্রের জন্য স্বদেশে হাহাকার চলছে। ফোর্বস সাময়িকীর পরিসংখ্যানে ২০০৪ সালে বিশ্বের ১০০ নারীনেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থান ছিল ১৪তম। নীতি দক্ষতা ও ব্যক্তিত্বগুণে তিনি এসব অর্জন করেন।বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার জনপ্রিয়তা প্রশ্নাতীত। তিনি জাতীয় নির্বাচনে তিনবার পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জয়ী হয়েছেন। রাষ্ট্র পরিচালনায় তাঁর সাফল্য প্রশংসিত হয়েছে। সম্প্রতি দেশের একজন বিজ্ঞ বুদ্ধিবীবী ও রাজনীতিবিদ অধ্যাপক বদরুদ্দিন উমর এক আলোচনা সভায় একমাত্র বিএনপিকে ‘প্রগতিশীল’ রাজনৈতিক দল বলে উল্লেখ করেছেন। আমি বলবো, বিএনপি একটি ‘মেধাবী’ রাজনৈতক দল। খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ৪২ বছর ধরে পরিচালিত বিএনপির এরূপ ভাবমর্র্যাদা গড়ে উঠেছে।

প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে খালেদা জিয়া রাষ্ট্রপরিচালনায় যে রাজনৈতিক প্রজ্ঞার ও দূরদর্শী চিন্তাভাবনার পরিচয় দেন, তা তাঁর গৃহীত পদক্ষেপগুলি বিশ্লেষণ করলে স্পষ্ট হয়। আমরা কেবল শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের কথা সংক্ষেপে বলবো। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ন্যায় খালেদা জিয়াও বিশ্বাস করতেন, শিক্ষিত ও জ্ঞানভিত্তিক সমাজ গড়া ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে প্রথমে প্রাথমিক শিক্ষার ওপর জোর দেন। এ শিক্ষাকে বাধ্যতামূলক করেন (১৯৯৩) এবং এর বাস্তবায়নে বিদ্যালয় প্রতিষ্ঠার ও শিক্ষক নিয়োগের মাধ্যমে অবকাঠামো ও জনবল বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী; তাদের শিক্ষার বাইরে রেখে কাক্সিক্ষত ফল পাওয়া যাবে না। এর জন্য রাষ্ট্রীয় খরচে বিনামূল্যে পুস্তক বিতরণের ব্যবস্থা করেন পল্লী অঞ্চলে মেয়েদের জন্য মধ্যমিক শিক্ষা অবৈতনিক করেন এবং উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। বছরের শুরুতে তিনি নিজ কার্যালয়ে কোমলমতি ছাত্রছাত্রীদের ডেকে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পাঠ্যবই তুলে দিতেন। এ তো গেল একদিক; অন্যদিকে বয়স্কদের স্বাক্ষর জ্ঞানসম্পন্ন করার জন্য গণশিক্ষার আওতায় ‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ কর্মসূচি চালু করেন। এসব কার্য পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি পৃথক প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করা হয়। শিক্ষার প্রসঙ্গ এখানে থেমে যায়নি, তাঁর প্রেরণায় ও পরিকল্পনায় সরকারি জাতীয় বিশ্ববিদ্যালয় (১৯৯৩) এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। উচ্চশিক্ষাকে উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী ব্যক্তিখাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেন। এসব ব্যবস্থা গ্রহণের ফলে সারাদেশে সবার অজান্তে একটি নীরব ‘শিক্ষা বিপ্লব’ ঘটে যায়, যার সম্পূর্ণ কৃতিত্ব বেগম খালেদা জিয়ার প্রাপ্য।সোনার বাংলা’, ‘ডিজিটাল বাংলা’, ‘স্মার্ট বাংলা’ গড়ার চমকপ্রদ স্লোগান দিয়ে লোক নাচানো নয়, খালেদা জিয়া ধীরে সুস্থে ধৈর্যের সাথে নীরবে গঠন ও উন্নয়নমূলক কাজ করেছেন; ফলাও করে প্রচার করেননি। তাঁর আবেদন ছিল মানুষের হৃদয়ে। জনগণও হৃদয়ের আবেগ দিয়ে তাঁকে মূল্যায়ন করে, স্মরণ করে ও শ্রদ্ধা করে। আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিত্বের বড়ই অভাব দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জ্ঞানীগুণী মানুষ, রাজনীতিবিদ নন। বিএনপি ছাড়া আর সব পরিসর ছোট, নেতৃত্বও সীমিত। বেগম খালেদা জিয়া ভগ্নস্বাস্থ্য নিয়ে দেশের মাটিতে আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে রয়েছেন। বিএনপির চেয়ারপারসন হিসাবে বেগম খালেদা জিয়ার উপস্থিতি দলের এবং দেশবাসীর জন্য এক পরম ভরসা। তিনি অভিজ্ঞ রাজনীতিবিদ, তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত, ভাবমর্র্যাদা অবিতর্কিত। তিনি আছেন, যেন মাথার ওপর একজন অভিভাবক আছেন। আজ জনগণের কাছে একমাত্র তিনিই ‘আস্থার প্রতীক’।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com