আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারবে বলে আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা এটা (রোডম্যাপ) নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি, আগামী সপ্তাহে আপনাদের আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারব।’জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি পথনকশা বা কর্মপরিকল্পনা ঘোষণা করে থাকে নির্বাচন কমিশন।নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো কোনটি কবে নাগাদ শেষ করা হবে, কবে নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তার সম্ভাব্য সময় উল্লেখ করা হয় পথনকশায়।রোডম্যাপে কী কী থাকবে, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘কী কী থাকবে, ওটা রোডম্যাপই বলে দেবে। অংশীজনদের সঙ্গে সংলাপ, আইনবিধি সংশোধনের সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হবে। তবে এখন সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, রাজনৈতিক দল, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারী নেত্রী ও বিশিষ্টজনদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন নিয়ে আগামী মাসের শেষ দিকে নির্বাচন কমিশন সংলাপ শুরু করতে পারে। এ বিষয়টি নিয়ে প্রস্তুতিমূলক কাজ এখনো সেভাবে শুরু হয়নি।








