সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করলে ভারতকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গত মঙ্গলবার ইসলামাবাদে এক অনুষ্ঠানে তিনি এই হুমকি দেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি শত্রুদের স্পষ্ট বলতে চাই, আমরা আমাদের পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দেব না। যদি আপনারা আমাদের পানি আটকে রাখার পরিকল্পনা করে থাকেন এবং এসংক্রান্ত কোনো পদক্ষেপ নেন, সে ক্ষেত্রে আপনাদের উচিত শিক্ষা দেব।এমন শিক্ষা দেব, কখনো তা ভুলবেন না।’গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে পাকিস্তানে হামলা করে ভারত। জবাবে ভারতে হামলা চালায় পাকিস্তান।এর পরিপ্রেক্ষিতে সিন্ধুর পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। এতে পাকিস্তানের সিন্ধু, চেনাব ও ঝিলামের পানিপ্রবাহ কমে ঝুঁকিতে পড়ে দেশটির কৃষি উৎপাদন।এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আদালতে মামলা করে পাকিস্তান। ৮ আগস্ট ওই মামলার রায় দিয়েছেন আদালত।
এতে সিন্ধুর পানি বণ্টন চুক্তি সচল করা এবং ভারতকে এই চুক্তিতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। আন্তর্জাতিক সালিস আদালতের রায়ের পর ভারত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে পাকিস্তান স্বাগত জানিয়েছে এই রায়কে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে চুক্তিতে ফিরে আসার আহবানও জানিয়েছে।
কাশ্মীরে গোলাগুলি : ভারতশাসিত জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গোলাগুলির ঘটনা ঘটে বলে দাবি ভারতের।
ভারতীয় সেনাবাহিনী সূত্র জানায়, ১২ আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে। হামলাকারীরা পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণের সহায়তা পায়। ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। এতে ভারতীয় এক সেনা প্রাণ হারান। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনো আসেনি।
সূত্র : জিও নিউজ, এনডিটিভি