সরকারবিরোধী আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের নিরীহ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর জুলুম ও নির্যাতনের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৯ জন শিক্ষক, ২৫ জন কর্মকর্তা, ২১ জন কর্মচারী এবং ৪৯ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৩২৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষকদের মধ্যে ছয়জনকে বরখাস্ত, ১২ জনকে অপসারণ, আটজনকে নিম্ন পদে অবনমন এবং ৩১ জনকে তিরস্কার করা হয়েছে। কর্মকর্তাদের মধ্যে আটজনকে বরখাস্ত, আটজনকে অপসারণ, সাতজনকে তিরস্কার এবং একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কর্মচারীদের মধ্যে দুজনকে বরখাস্ত, একজনকে অপসারণ এবং ১৯ জনকে তিরস্কার করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ৩৯ জনের সার্টিফিকেট বাতিল এবং ১০ জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।