অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদকের উপসহকারী পরিচালক সাবেকুন নাহার পারুলের নেতৃত্বাধীন একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদ করে। দুদক সূত্র কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছে।দুদক সূত্র জানায়, গত ১ জানুয়ারি মুন্নী সাহার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। অভিযোগে বলা হয়, গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই মুন্নী সাহার আমানতের মধ্যে ১২০ কোটি টাকাই উত্তোলন করা হয়েছে।