সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জনগণ গণতান্ত্রিক ব্যবস্থা চায় :মির্জা ফখরুল

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

জনগণ গণতান্ত্রিক ব্যবস্থা চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি একজন রাজনীতিবিদ হিসেবে এইটুকু বুঝি যে, আমার দেশের মানুষের পালস সেটা আমি বুঝি।
আমার দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ব্যবস্থা চায় এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলোর সমাধানে পথ খুঁজে পাওয়া যাবে। গতকাল রোববার মহাখালীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’র উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে ‘ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশের সংকট : পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা’ নিয়ে একটি তথ্য চিত্র উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী আব্দুল ওয়াদুদ ভুঁইয়া। ‘দ্বিতীয় পদ্মা সেতুর আবশ্যিকতা নিয়ে একটি তথ্য চিত্র উপস্থাপন করেন প্রকৌশলী শহিদুল ইমাম।অনুষ্ঠান শুরুতেই উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীসহ বিমানের পাইলট তৌকির ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করেন জাতীয় কমিটির মহাসচিব অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আবু ওহার মো. হাফিজুল হক।মির্জা ফখরুল বলেন, অনেকে আজকাল অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে। সংস্কার তো আমরা অনেক আগেই থেকে উপলব্ধি করেছি। আমরা ২০১৬ সালে আমরা প্রথম ভিশন-২০৩০ দিয়েছি যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা, সংস্কারের কথা আমরা প্রথম বিএনপির পক্ষ থেকে বলেছি.. আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন। ২০২২ সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব ৩১ দফা দিয়েছেন। যে ৩১ দফা আজকে সমস্ত সংস্কার বিষয়ক যে কমিটিগুলো হয়েছে সেখানে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। সুতরাং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে, জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবেই সামনের দিকে এগুচ্ছি।বিএনপি মহাসচিব বলেন, সব কিছুই নির্ভর করবে মানুষের উপরে। আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, আমরা তারও পূর্বে ১৯৫২ সালে ভাষা আন্দোলন করেছি, ’৬৯ এ আন্দোলন করেছি এবং সবশেষে দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জায়গায় পৌঁছেছি যে, এই জুলাই-আগস্ট মাসে একটা ভয়াবহ দানবীয় সরকারকে আমরা সরাতে সক্ষম হয়েছি। সুতরাং আমরা পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা পারি এবং আমার বিশ্বাস আগামীতেও আমরা পারব।ফ্যাসিস্ট সরকার পতনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিলো তাকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে যদি সামনে আনতে পারি, সেগুলো নিয়ে যদি কাজ করি এবং আমরা মধ্যে সেই ঐক্য যদি থাকে তা নিঃসন্দেহে আমরা সফল হবো।দ্বিতীয় পদ্মাসেতু নিয়ে খালেদা জিয়ার কমিটমেন্ট আছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রায় আট কোটি মানুষের জীবন-জীবিকা পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতুর সঙ্গে জড়িত। দীর্ঘ সাতবার সম্ভাব্যতা যাচাই হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাধের বিরুপ প্রভাবে শুধু ফরিদপুর বা রাজবাড়ির সমস্যা নয় এটা আজকে পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা। আমাদের নাগরিকদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে। সর্বস্তরের মানুষকে তাদের দাবি নিয়ে দাঁড়াতে হবে। সেটা যে সরকারই আসুক তাদেরকে বলতে হবে এটা আমরা চাই। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেক আগেই কমিটমেন্ট এবং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি এই সমস্ত অঞ্চলগুলোকে যেখানে জীবন-জীবিকার প্রশ্ন জড়িত আছে, মানুষের নিরাপত্তার প্রশ্ন আছে, যে প্রশ্নটা কিছুক্ষণ আগে আইনুন নিশাত সাহেব তুলেছেন যে, দক্ষিণাঞ্চলের বহু অংশ চলে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে এসব এলাকায় মানুষের বসবাস উপযোগী থাকছে না। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যুৃ এটা শুধু পরবর্তি সরকার নয়, জনগণকেও এ বিষয়ে সজাগ থাকা উচিত।‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’র সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সভাপতিত্বে এই সেমিনারে সেমিনারে আরো বক্তব্য রাখেন- ব্র্যাকের চেয়ারম্যান অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি পানি বিশেষজ্ঞ প্রফেসর আইনুন নিশাত, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান, সাবেক প্রকৌশলী গিয়াস উদ্দিন, ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’র জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর হোসেন খান জালাল।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com