ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মো. ইয়াছিন লিটনের (৩২) লাশ গত শুক্রবার রাত ১০টার দিকে হস্তান্তর করা হয়েছে। বিলোনিয়া চেকপোস্ট দিয়ে বিলোনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিব রঞ্জন দে-এর নেতৃত্বে পরশুরাম মডেল থানার ওসি নুরুল হাকিমের কাছে হস্তান্তর করা হয়।এর আগে বিজিবির ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এবং বিএসএফের ৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক এ এস বিরেন্দ্র শীল এর নেতৃত্বে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়েও পৃথক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। শেষে রাত ৯টার বাংলাদেশ সীমান্তের বিলোনিয়ায় ভারতীয় ২১৬৬ পিলার দিয়ে পরশুরাম মডেল থানার পুলিশ এর কাছে লাশ হস্তান্তর করা হয়। এরপর পুলিশ নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেন। এ সময় নিহত লিটনের পরিবারের সদস্যরা দেখে লিটনের লাশ বলে নিশ্চিত করেন।এর আগে, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে বিএসএফ তিন বাংলাদেশি যুবককে লক্ষ্য করে গুলি করে। এতে জাকির হোসেন মিল্লাত (২১), ইয়াসিন প্রকাশ লিটন (৩২) ও আফসার (৩২) গুলিবিদ্ধ হয়।স্থানীয়রা গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে জাকির হোসেন মিল্লাত মারা যায়। আফসারের অবস্থা আশঙ্কাজনক হওযায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সময় গুলিবিদ্ধ মো. ইয়াসিন প্রকাশ লিটনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতে নিয়ে যায়। তার লাশ ভারতের বিলোনিয়ার মহাকুমা হাসপাতালের মর্গে রাখা ছিল।বিজিবির ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, পরশুরাম মডেল থানা পুলিশের কাছে নিহত লিটনের লাশ হস্তান্তর করা হয়েছে। পরশুরাম মডেল থানার ওসি নুরুল হাকিম জানান, নিহত লিটনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে শনিবার স্বজনদের কাছে লিটনের লাশ হস্তান্তর করা হবে।