মাইলস্টোন কলেজের স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবার থেকে তিন দিন প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আগামী পাঁচ দিন বন্ধ থাকবে স্কুলটি।মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ মাসুদ আলম কালের কণ্ঠকে বলেন, ‘আপাতত আমরা তিন দিন বন্ধ ঘোষণা করেছি। এরপর পরবর্তী অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।তবে আমাদের অফিসরুম খোলা থাকবে। সব দায়িত্বশীল ও শিক্ষকরা থাকবেন। শিক্ষার্থী-অভিভাবকদের যেকোনো ধরনের সহায়তার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমাদের অনেক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।
শিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার শোক : বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। পৃথক বিবৃতিতে তাঁরা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন।