মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া গ্রামে আজ শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হয়েছে ‘এনসিডি (নন-কমিউনিকেবল ডিজিজ) প্রকল্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এ আয়োজনে গ্রামের সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। চিকিৎসাসেবা নিতে আসা প্রায় ৩০০ রোগীকে এদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।
ক্যাম্পে রোগীদের সুবিধার্থে ৮টি পৃথক বুথ স্থাপন করা হয়। এর মধ্যে ৩টি বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার, ১টি ফার্মেসি, ১টি চেস্ট ফিজিশিয়ান বুথ, ১টি স্পাইরোমেট্রি ইউনিট এবং ২টি ডেটা সংগ্রহ বুথ ছিল উল্লেখযোগ্য। চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন প্রফেসর ডাঃ রাশিদুল হাসান, ডাঃ আরমান ফয়সাল, ডাঃ আব্দুল্লাহ হেল কাফি খান, ডাঃ শাহিদুর রহমান খান ও ডাঃ তাইবুর ঝুমারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মোঃ রাশিদুল হাসান। সভাপতিত্ব করেন ডেবনিয়ার গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ আইয়ুব খান (এফসিএ)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আকিবুল খান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ রাশিদুল হাসান বলেন, এনসিডি একটি গবেষণাভিত্তিক সামাজিক প্রকল্প। আমরা শুধু রোগ হলে চিকিৎসা দিতে চাই না, বরং আগে থেকেই রোগ নির্ণয় করে প্রতিরোধ করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। আগামী দুই বছর ধরে হরিরামপুরের প্রতিটি ঘরে গিয়ে আমরা ফুসফুসজনিত অসুখ নির্ণয় করে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেব।
মোঃ আইয়ুব খান বলেন, এটি শুধু একটি মেডিকেল ক্যাম্প নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ব পালনের অংশ। মানুষ সুস্থ না হওয়া পর্যন্ত আমরা হরিরামপুর উপজেলার প্রতিটি মানুষের পাশে থাকবো।
গঙ্গারামপুর গ্রামের ৪০ বছর বয়সী জিনারা বেগম বলেন, এখানে আইছি ডাক্তার দেখানোর জন্য। শুনছি বড় বড় ডাক্তার সাবরা আইছেন। তাছাড়া আমাগো এহান থিকা ডাক্তার দেখাইতে মানিকগঞ্জ শহরে যাইতে হয়, যা অনেক কষ্টকর।
একই গ্রামের মালেক (৫০) জানান, ফ্রি মেডিকেল ক্যাম্প করায় আজ আমার মতো গরীব মানুষরাও চিকিৎসাসেবা পাইতেছি। যারা এই কাজটা করছেন, তাদের জন্য দোয়া করি।
উল্লেখ্য, এনসিডি প্রকল্পের আওতায় আগামী দুই বছর হরিরামপুর উপজেলার প্রতিটি বাড়িতে গিয়ে শ্বাসজনিত রোগ, বিশেষ করে অ্যাজমা ও সিওপিডি’র মতো রোগ শনাক্ত ও চিকিৎসা দেওয়া হবে।