সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মিয়ানমারে উলফার ঘাঁটিতে হামলার অভিযোগ, ভারতীয় সেনাবাহিনীর অস্বীকার

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

উত্তর-পূর্ব ভারতের দীর্ঘদিনের বিদ্রোহী সংকটে নতুন করে উত্তেজনা তৈরি করেছে মিয়ানমারের মাটিতে ভারতীয় সেনাবাহিনীর কথিত ড্রোন হামলার অভিযোগ। মিয়ানমারের পূর্বাঞ্চলে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এর অন্তত চারটি ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। রোববার (১৩ জুলাই) ভোরের দিকে শতাধিক ড্রোন ব্যবহার করে এই আক্রমণ হয় বলে উলফার দাবি। তবে ভারতীয় সেনাবাহিনী এমন অভিযানের খবর সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। এ বিষয়ে এনডিটিভি ও ইন্ডিয়া টুডে পৃথকভাবে খবর দিয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার চারটি ক্যাম্পকে নিশানা করে ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে উলফা-আই। মিয়ানমারের পূর্বাঞ্চলে অবস্থিত এসব ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় সেনাবাহিনী শক্তিশালী অভিযান পরিচালনা করেছে। অভিযানে শতাধিক ড্রোন ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত এই বিদ্রোহী গোষ্ঠীর একাধিক ঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত হানা হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে উলফা-আই অভিযোগ করেছে, সীমান্ত অতিক্রম করে চালানো এই হামলায় অন্তত ১৯ জন উলফা সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন। নিহতদের মধ্যে সংগঠনটির শীর্ষ সামরিক নেতা লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসমও রয়েছেন বলে দাবি করেছে উলফা। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নয়ন মেধি নামেও পরিচিত এই কমান্ডার হামলায় নিহত হয়েছেন। পাশাপাশি মণিপুরের বিদ্রোহী সংগঠন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রাজনৈতিক শাখা রেভল্যুশনারি পিপলস ফ্রন্টের (আরপিএফ) কয়েকজন সদস্যও হতাহত হয়েছেন বলে খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।

তবে, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস-কে প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলেছেন, এ ধরনের কোনো অভিযানের তথ্য ভারতীয় সেনাবাহিনীর কাছে নেই। এনডিটিভির প্রতিবেদনে ভারতীয় সেনাবাহিনীর এই অবস্থানও পুনরায় উল্লেখ করা হয়েছে।

আইএএনএসের দেওয়া তথ্য অনুযায়ী, উলফা-আই-এর নেতৃত্বে এখন কেবল একজন শীর্ষ নেতা অরুণোদয় দোহতিয়া রয়েছেন, যিনি মিয়ানমারে অবস্থান করছেন। এর আগে মিয়ানমারে উলফা-আই-এর ঘাঁটি থেকে পরিচালিত কার্যক্রমে যুক্ত ছিলেন রূপম অসম নামের আরেক নেতা, যিনি ২০২৫ সালের মে মাসে আসাম পুলিশ কর্তৃক গ্রেফতার হন।

উল্লেখ্য, মিয়ানমার বর্তমানে তাতমাদাও সেনাবাহিনীর শাসনে রয়েছে এবং দেশটির ভেতরে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ভারত-মিয়ানমার সীমান্ত বরাবর এই বিদ্রোহী সংগঠনগুলো একাধিকবার ঘাঁটি গড়ে তুলেছে। এনডিটিভি জানিয়েছে, ২০২৫ সালের মে মাসেই মণিপুরের চান্ডেল জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছিলেন। সীমান্তবর্তী অঞ্চলের এই লড়াই ভারতের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com