মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের হরেশ্বর স্যানেল বাইলেন এলাকায় রবিবার (১৩ জুলাই) সকালে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। দিনদুপুরে মালয়েশিয়া প্রবাসী ইসমাইল হোসেনের বাসা ‘উর্মি শর্মী ভবনে’ চোরের দল প্রায় ৩০ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে চোরের দল ভবনটির একাধিক দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা দুটি আলমারি ভেঙে স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না, যা চোরদের জন্য সুযোগ এনে দেয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থার জোরদার দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন,
“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত চুরি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”