ব্যাটারিচালিত অটোরিকশা সার্ভিস লেন ছাড়া মহাসড়কে চলাচল করতে পারবে না। শহর এলাকায় এগুলোর চলাচলে নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স লাগবে। এসব নিয়ম রেখে সম্প্রতি বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ প্রস্তুত করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। জানা গেছে, রাজধানী ঢাকার উপযোগী, নিরাপদ ও যাত্রীবান্ধব বিদ্যুত্চালিত অটোরিকশা অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)সহ সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে আলোচনাও চলছে। পরিকল্পনা অনুসারে ঢাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দিয়ে অনুমোদিত বিদ্যুত্চালিত তিন চাকার নিরাপদ বাহন চালু করার জন্য কাজ চলছে। এ অবস্থায় খসড়া নীতিমালাটি তৈরি করা হয়েছে।
জানা গেছে, মূলত সড়কে শৃঙ্খলা আনার জন্য বৈদ্যুতিক মোটরের মাধ্যমে চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণের জন্য এই নীতিমালা করা হয়েছে।
নীতিমালায় বৈদ্যুতিক মোটরের মাধ্যমে চালিত অটোরিকশা, অটোটেম্পো, মোটরক্যাব রিকশা, তিন চাকার ভ্যান ও ধীরগতির তিন চাকার যানবাহনকে ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেগুলোর শক্তির উৎস গাড়িতে থাকা রিচার্জেবল ব্যাটারি। খসড়া নীতিমালায় বলা হয়েছে, এসব বাহন তৈরি করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএর অনুমোদিত স্পেসিফিকেশন অনুযায়ী তৈরি করতে হবে। রাজধানীসহ অন্যান্য সিটি করপোরেশন এবং ‘এ’ ক্যাটাগরির পৌরসভায় এসব তিন চাকার বাহন চালাতে বিআরটিএর নিবন্ধন ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। সড়কে চলাচলের ক্ষেত্রে এসব যানবাহনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৫০ কিলোমিটার।
খসড়া নীতিমালায় বলা হয়েছে, মহাসড়ক ব্যতীত অন্যান্য নির্দিষ্ট এলাকা বা রুটে এগুলো চলতে পারবে। কোনো ব্যক্তি নিজ নামে এগুলোর সর্বোচ্চ তিনটি এবং কম্পানির নামে ২৫টি কেনার ও নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট এলাকায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি নির্ধারিত সংখ্যাসীমা অনুযায়ী এ ধরনের বাহনের নিবন্ধন দেবে। ভাড়া নির্ধারণ করবে বিআরটিএ। নির্দিষ্ট স্থানে খোদাইকৃত বডি বা চেসিস নম্বর উল্লেখ করতে হবে।
অনুমোদিত মডেল বা বৈদ্যুতিক থ্রি-হুইলারের যন্ত্রাংশ প্রস্তুতকারককে হতে হবে বিআরটিএর তালিকাভুক্ত এবং বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে নিবন্ধনপ্রাপ্ত।
জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশার একটি মডেল তৈরি করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। দেশে বুয়েট ব্যাটারিচালিত ইজি বাইকের মডিফায়েড ভার্সন, তিন চাকার পূর্ণাঙ্গ গাড়ির প্রটোটাইপ, ফোর-হুইলারের প্রটোটাইপও তৈরি করছে।