সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এশিয়ান হাইওয়ে সড়কে ফাটল

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

এশিয়ান হাইওয়ে চারলেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণাধীন সড়কে ফাটল দেখা দিয়েছে। সোনারগাঁ উপজেলার সিংলাব-পাকুণ্ডা এলাকায় আন্ডারপাসের পূর্ব পাশে প্রায় ২৫০ মিটার এলাকাজুড়ে এই ফাটল ধরেছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে এই দৃশ্য দেখা যায়।

দুর্ঘটনা এড়াতে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই অংশে যানচলাচল বন্ধ করে দেয়। ফলে এই সড়কের যানবাহন পাশের বিকল্প রুটে চলাচল করে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা বাইপাস সড়ক চারলেন উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) সৈয়দ আসলাম আলী। তিনি দাবি করেন, টানা দুই-তিন দিনের বৃষ্টির কারণে সড়কের নিচের বালু সরে গিয়ে এই ফাটল সৃষ্টি হয়। এতে তাদের আর্থিক ক্ষতি হয়েছে। রাস্তার পাশের জমিগুলো গভীর হওয়ার কারণে বৃষ্টির পানির সঙ্গে বালু সরে গিয়েছে। তবে সড়ক নির্মাণে কোনো অনিয়ম হয়নি।

সরেজমিন দেখা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের পাকুণ্ডা এলাকায় পিচ ঢালাই সড়কের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বা ফাটল দেখা দিয়েছে। একাধিক জায়গায় পিচ উঠে গিয়ে ভেতরের মাটি ও সুরকি বেরিয়ে এসে সড়কটি নিচের দিকে দেবে গেছে। ফলে পুরো এলাকাজুড়ে বড় ধরনের ভূমিধসের আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। রাতের বেলায় বিভিন্ন স্থানে মাটি চুরি হয়েছে। সড়ক নির্মাণের সময় নির্মাণ যন্ত্র ব্যবহার ঠিকমতো করেনি। ফলে পানি দেওয়ার সময় ওই পানি বালুর ফাঁকা অংশে জমে ছিল। ফাঁকা অংশে জমে থাকা বালু সরে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
পাকুণ্ডা গ্রামের বাসিন্দা আমির হোসেন জানান, যে অংশের রাস্তা নির্মাণ করা হয়েছে। এই অংশটি নিচু জমি ব্যবহার করে বালু ভরাটের মাধ্যমে রাস্তা তৈরি করা হয়েছে। তাছাড়া সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণকাজ করা হয়েছে। পাথর ও বিটুমিন নিন্মমানের ছিল। নির্মাণাধীন থাকা অবস্থায় এই রাস্তা ধসে গিয়ে ফাটল সৃষ্টি হয়েছে।
সিংলাবো গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, এই প্রকল্পে বিশাল বাজেটে রাস্তা নির্মাণকাজ হলেও সড়কের পাশে কোনো গাইড ওয়াল নির্মাণ করেনি। তাড়াহুড়ো করে সড়ক নির্মাণ করা হচ্ছে। ফলে মাটির চাপে দুপাশের খাদের কারণে পুরো রাস্তা এখন দেবে গেছে। কয়দিন বৃষ্টি হলে এই সড়কের পুরা অংশ ধসে পড়বে।

ঢাকা বাইপাস সড়ক চারলেন উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) সৈয়দ আসলাম আলী জানান, টানা দুই-তিন দিনের বৃষ্টির কারণে সড়কের নিচের মাটি নরম হয়ে পড়ে। তার ওপর সড়ক দিয়ে অনবরত অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে মাটি সরে গিয়ে রাস্তা দেবে যায়। এতে ফাটল দেখা দিয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে প্রকল্প নির্মাণকারী বেসরকারি অংশীদার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা জরুরি ভিত্তিতে ডাইভারশন সড়ক তৈরি করে যানবাহন চলাচলের ব্যবস্থা করবেন।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মনিরুল আলম বলেন, ‘এই সড়কটি আমাদের আওতায় নেই। এটি প্রকল্পে হস্তান্তর করেছি। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পে কাজ চলছে। প্রকল্পের কাজ চায়না কোম্পানি করছে। এই বিষয়গুলো তারাই দেখভাল করবেন।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com