সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কৃষককে সরকারি দরে পর্যাপ্ত সার ও রেশন দেওয়ার দাবি

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
কৃষকদের সরকারি দরে পর্যাপ্ত সার সরবরাহ এবং ক্ষেতমজুরসহ দরিদ্র মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ। তারা ময়মনসিংহের ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে ফসলি জমি নষ্ট করে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন বন্ধের দাবিও জানিয়েছে।

 

গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম এ সবুর, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, জাতীয় কৃষক-খেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সহসাধারণ সম্পাদক নিখিল দাস, বাংলাদেশ কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের সদস্য রাজু আহমেদ, কৃষক ঐক্য ফোরামের সভাপতি জগলুল পাশা এবং ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অর্ণব সরকার। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে নেতারা বলেন, ধানের গত মৌসুমের শুরু থেকেই কৃষক প্রয়োজনীয় পরিমাণ সার পাচ্ছেন না।

সরকারের পক্ষ থেকে দেশে সারের সংকট নেই বলা হলেও কৃষক সরকারি দরে বাজারে পর্যাপ্ত সার পাচ্ছেন না। অনেক কৃষক বেশি দাম দিয়েও সার কিনতে না পারায় ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকদের সরকারি নির্ধারিত দামে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে। 

নেতারা অভিযোগ করেন, অতীতের আওয়ামী লীগ সরকারের রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মতো বর্তমান সরকারও বেসরকারি প্রতিষ্ঠানকে টেন্ডারের মাধ্যমে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ দিয়েছে।

কিন্তু দেশের বিভিন্ন স্থানে এসব প্রকল্পের জন্য সাধারণ কৃষকের উর্বর ফসলি জমি দখলের চেষ্টা চলছে। ময়মনসিংহের ভালুকায় ফসলি ও বসতবাড়ি এলাকায় প্রায় ১৭০ একর জমি সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য জোর করে নেওয়ার চেষ্টা হচ্ছে। স্থানীয় এক সংসদ সদস্যের স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমে কৃষি কর্মকর্তা আপত্তি জানালেও পরে চাপের মুখে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। সরকারি নীতিমালা অনুসরণ করে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি জানান তাঁরা। 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে নেতারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় ও দ্রব্যমূল্য আরো বাড়বে।

অথচ ক্ষেতমজুরসহ নিম্ন আয়ের মানুষ বর্তমান আয় দিয়ে তিন বেলা খাবার জোগাড় করতে পারছেন না। 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com