সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ছাদের সোলার বিদ্যুৎ গ্রিডে দিলেই মিলবে ১০.৫০ টাকা

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ছাদে সোলার প্যানেল ও ব্যাটারি স্থাপন করে নিজেদের বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ পাওয়ার সুযোগ দিয়েছে সরকার। এ সুবিধা পেতে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে সোলার সিস্টেম স্থাপন করে নেট মিটারিংয়ের আওতায় উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ শুরু করতে হবে। নির্ধারিত শর্ত পূরণকারী গ্রাহকরা ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত এ সুবিধা পাবেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রচারণামূলক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ১ সেপ্টেম্বর এ সংক্রান্ত বিশেষ প্রণোদনা প্যাকেজের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ বিভাগ। প্রজ্ঞাপনটি একই দিন থেকে কার্যকর হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যয় প্রতি ইউনিট ৮ টাকা ধরা হয়েছে। এর সঙ্গে ২০ শতাংশ মুনাফা এবং ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যোগ করে জাতীয় গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুতের মূল্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। কোনো গ্রাহক নির্ধারিত ব্যয়ের চেয়ে কম খরচে সিস্টেম স্থাপন করতে পারলে সাশ্রয় হওয়া অর্থ তার লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে।

এ সুবিধা পেতে প্রথমে ছাদের কতটুকু জায়গা সোলার প্যানেল স্থাপনের উপযোগী তা নির্ধারণ করতে হবে। এরপর নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও মিটার স্থাপন করে নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করতে হবে। উৎপাদিত বিদ্যুতের আগে নিজস্ব চাহিদা পূরণ করা যাবে; এরপর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা নির্ধারণ ও সংরক্ষণ করবে। এ বিদ্যুতের মূল্য ও প্রণোদনার অর্থ গ্রাহকের ব্যাংক হিসাব অথবা মোবাইল আর্থিক সেবা হিসাবে সরাসরি পাঠানো হবে। প্রতি তিন মাস পরপর অর্থ পরিশোধ করা হবে; কোনো অবস্থাতেই নগদে এ অর্থ দেওয়া হবে না।

তবে ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর পর স্থাপিত সোলার সিস্টেম এ বিশেষ প্রণোদনার আওতায় আসবে না। একই সঙ্গে সিস্টেমে ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, মিটারসহ অন্যান্য যন্ত্রপাতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) নির্ধারিত কারিগরি মানদণ্ড মেনে চলতে হবে।

এ উদ্যোগের মাধ্যমে অব্যবহৃত ছাদকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানোর পাশাপাশি জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের সরবরাহ বাড়ানোর লক্ষ্য নিয়েছে সরকার। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদার ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবেই এ বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সরকারি উদ্যোগের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যও নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নতুন ছাদভিত্তিক সৌর উদ্যোগের মাধ্যমে এক বছরের মধ্যে সর্বোচ্চ ৪ হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদন সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ সংক্রান্ত নীতিগত সহায়তার জন্য বিদ্যুৎ বিভাগের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে যোগাযোগ করা যাবে। পাশাপাশি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় থেকেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।

এর আগে ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাওয়ার সুযোগ থাকবে, যা ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে।


বিভাগ : জাতীয়


ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com