আলতাব হোসেন ঢাকার মালিবাগে এসবির কার্যালয়ে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় ভাড়া থাকতেন।
আলতাবের পরিবারের সদস্যরা জানান, মদিনা সিটি এলাকায় তার দুই ছেলের একটি ছোট পোশাক কারখানা রয়েছে। শনিবার রাত আনুমানিক ৮টার দিকে অটোরিকশা গ্যারেজের সামনে এক বয়স্ক ব্যক্তিকে মারধর করতে দেখেন তিনি। একটি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির সাইড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে মারধর করা হচ্ছিল বলে পরিবারের দাবি। তিনি তাদের থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাকেও মারধর করা হয়। পরে তিনি দৌড়ে কারখানায় ফিরে যান। সেখানে তার ছোট ছেলে আরিফুল ছিলেন। একপর্যায়ে ওই গাড়ির লোকজন কারখানার ভিতরে ঢুকে তাদের মারধর করে। পরে আশপাশের লোকজন বাবা ও ছেলেকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে জহিরুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শনির আখড়ায় ব্যবসায়ীকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ২ : রাজধানীর শনির আখড়ায় ক্রোকারেজ দোকানে ঢুকে মো. আসলাম খান (৩৮) নামের এক ব্যবসায়ীকে গত শনিবার গুলি করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জু ও ইকবাল হোসেন ওরফে কালু নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে পূর্বশত্রুতাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। আসলাম খানকে গুলির ঘটনায় চার ব্যক্তি অংশ নেয়। অন্য দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। শনিবার রাতে রয়্যাল হাসপাতালের সামনে লাকীজ ক্রোকারিজ নামের দোকানে এ ঘটনা ঘটে। আসলাম খানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আসলাম খানের শ্বশুর বাদল জানান, রাত সোয়া ৮টার দিকে মোটরসাইকেলে করে দুই সন্ত্রাসী দোকানের উত্তর পাশের গলি দিয়ে পূর্ব দিকে যায়। সেখান থেকে ফিরে হঠাৎ একজন দুই হাতে দুই পিস্তল নিয়ে দোকানে ঢুকে গুলি চালায়। এতে আসলামের বাঁ-হাত ও মুখের ডান পাশে গুলি লাগে। একপর্যায়ে সন্ত্রাসীরা গুলি করতে করতে দোকান থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় দোকানের কর্মচারীসহ এলাকার লোকজন তাদের আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করে।
ঝগড়া হওয়ায় স্ত্রীকে গুলি, স্বামী সন্তানসহ গ্রেপ্তার ৩ : রাজধানীর দারুসসালাম এলাকায় নিজ বাসায় জেসমিন আক্তার নামের এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন- আহতের স্বামী আবদুল মান্নান ওরফে আবদুল হান্নান, তার ছেলে রাকিব ও রাকিবের বন্ধু হাতেম মিয়া। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি ও ২১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে র্যাব-৪-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এসব তথ্য জানান।








