মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস উল্টে আটজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদা এলাকার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুর এলাকার ফাতেমা (৭), শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালী এলাকার আরাফাত (১৩)।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতুর ঢালে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশে উল্টে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে উল্টে পড়ে থাকায় ওই এলাকায় কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, বাসটির প্রকৃত গতিবেগ কত ছিল এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কী, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।
ইখা