গতকাল রবিবার মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা থেকে জশনে জুলুসটি শুরু হয়ে শ্যামলী ক্লাব মাঠে শেষ হয়েছে।আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার শাখার ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকার সহযোগিতায় এতে নেতৃত্ব দিয়েছেন দরবারে আলিয়া কাদেরিয়া ছিরিকোট শরিফের সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ।
জু্লুসের মিডিয়া সেলের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল বলেন, জুলুসে প্রায় চার লাখের মতো ধর্মপ্রাণ মুসলমান অংশ নিয়েছেন। তাঁদের মেহমানদারির জন্য প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবক কাজ করেছেন।
শ্যামলী ক্লাব মাঠে মাহফিলে প্রধান অতিথি ছিলেন হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ পীর সাবির শাহ। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ কাসিম শাহ ও সৈয়দ আকিব আহমদ শাহ।
পীর সাবির শাহ বলেন, রাসুলুল্লাহ (সা.) সমগ্র সৃষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত ও রহমত। আল্লাহর এই মহান নিয়ামত লাভের জন্য আনন্দ প্রকাশ করা আল্লাহরই নির্দেশ।