দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা কাজ শুরু করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।আমরা যেন দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি। দেশের ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব। ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো ফল হবে।’
গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নতুন কমিশনের প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।এ সময় দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা স্বাধীনভাবে কাজ করছি। দেশকে দুর্নীতিমুক্ত করার যথাসাধ্য চেষ্টা করব। আমাদের সামনে কোনো সমস্যা এলে তা আমরা সমাধানের চেষ্টা করব।দেশের জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই আমরা এখানে এসেছি।’
আরেক প্রশ্নের জবাবে দুদক কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা কমিশনের নতুন চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ও নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেব।’ আর কমিশনার ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়। ভবিষ্যতে আপনার দেখতে পাবেন।’
এর আগে কমিশনের নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার সকাল ৯টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন।এরপর তাঁরা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভা করেন।
দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান চলতি বছরের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর নেন। এর আগে তিনি দীর্ঘদিন হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁয় জন্ম নেওয়া এ কে এম আসাদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে এবং পরবর্তী সময়ে হাইকোর্ট ও আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি সাবেক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি অর্জন করেন। চাকরিজীবনে ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে শিক্ষকতা করেছেন। দুদকে যোগদানের আগে তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আইনের অধ্যাপক এবং আইন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে লিগ্যাল এক্সপার্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্য কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এবং ফিন্যানশিয়াল রিপোর্টিং কাউন্সিলের সাবেক চেয়ারম্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিকম ও এমকম ডিগ্রি অর্জন করেন তিনি। বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স, ব্যাংকিং ও আন্তর্জাতিক ব্যবসা বিভাগ এবং আইবিএতে শিক্ষকতা করেছেন। ফিন্যান্স, মানি লন্ডারিং, রাজস্ব ব্যবস্থাপনা ও ফিন্যানশিয়াল রিপোর্টিংসহ বিভিন্ন বিষয়ে তাঁর অভিজ্ঞতা রয়েছে।