সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গ্যাসের সংকট কয়েক দিনের মধ্যে অনেকাংশে কমে আসবে

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দেশে গ্যাসের সংকট কয়েক দিনের মধ্যে অনেকাংশে কমে আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানিসংকটে সৃষ্ট জনদুর্ভোগের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।গতকাল শনিবার ঢাকা-১৭ আসনে এক আলোচনাসভায় প্রধানমন্ত্রী এই প্রতিশ্রুতি দেন এবং দুঃখ প্রকাশ করেন।

 

তারেক রহমান বলেন, ‘কিছুদিন ধরে পুরো বাংলাদেশের মানুষ, বিশেষ করে মহানগর, শহর, উপজেলা ও জেলা শহরগুলোতে মানুষ বিদ্যুতের জন্য কষ্ট পাচ্ছে। আমি জানি, দেশের বিভিন্ন এলাকায় মানুষ গ্যাসের জন্য কষ্ট পাচ্ছে। সিএনজি বলেন, এলপিজি বলেন, বিভিন্ন রকম গ্যাসের জন্য কষ্ট পাচ্ছে।

তিনি বলেন, ‘এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ আমাদের বিদেশ থেকে আনতে হয়। জাহাজের মাধ্যমে এনে যে স্টোরেজে রাখতে হয়, সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র দুটি করে গেছে ১৫ বছরের সেই ফ্যাসিবাদ। তা-ও এমনভাবে করে গেছে, যেন তাদের লোকজন এর সুবিধা পায়।’

ক্ষমতচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে দায়ী করে সরকারপ্রধান বলেন, ‘আজ দুটি ভাসমান জাহাজের একটিতে হঠাৎ দুর্ঘটনা ঘটে যাওয়ায় গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে।

এরই মধ্যে কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আশা করি, আগামী কয়েক দিনের মধ্যে এ সমস্যা অনেকাংশে কমে আসবে।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘সমগ্র বাংলাদেশের মানুষ বিদ্যুতের জন্য যে কষ্ট পাচ্ছে, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি।’

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামনে এগিয়ে যেতে এবং মানুষের ভাগ্য পরিবর্তন করতে দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে।শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে।

 

গতকাল দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়াও করা হয়।

‘দেশে বিশৃঙ্খলার রাজনীতির দিন শেষ’, মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘মিথ্যাচার ও বিশৃঙ্খলার রাজনীতি স্বৈরাচার সরকার করে গেছে। কিন্তু বর্তমান রাজনীতিবিদরা জনগণের কাছে উন্নয়নের প্রতিজ্ঞা করেছেন। তাই হঠকারিতা ও বিভ্রান্তির রাজনীতি বাদ দিয়ে জনমানুষের কল্যাণে পরিকল্পনা উপস্থাপন করুন।’

তিনি বলেন, রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই। জনগণ আর সেই রাজনীতি সমর্থনও করে না।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ ও গ্যাসসংকট সমাধানে অন্য রাজনৈতিক দল সরকারের চেয়ে ভালো পরিকল্পনা দিলে তাদের পরিকল্পনা গ্রহণ করা হবে এবং বাস্তবায়নও করা হবে। কিন্তু কেবল জনগণকে বিভ্রান্ত করতে অপপ্রচার ছড়ালে জনগণের কাছেই তাদের ক্ষমা চাইতে হবে।

তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করা একজন রাজনীতিবিদের কাজ বা দায়িত্ব নয়। বরং জনগণকে ধৈর্য শেখানো এবং সঠিক পথ দেখানো তাঁর দায়িত্ব।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায়। তারা দেখতে চায়, প্রিয় মাতৃভূমিকে পৃথিবীর বুকে ধীরে ধীরে এগিয়ে যেতে।

তারেক রহমান বলেন, ‘ঢাকা-১৭ আসনে আমাদের প্রতিনিধিরা জনগণের সেবায় কাজ করছেন। পাশের লেকটি পরিষ্কার করতে ছয় মাস সময় লাগে। এসব সহজ কাজ না; কিন্তু সমালোচনা করা সহজ। তাই যাঁরা সমালোচনায় ব্যস্ত আছেন, তাঁরা এখনই মাঠে নামুন। মানুষ এবং দেশের জন্য কাজ করুন; সঠিক কথা বলুন। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কথা থেকে বিরত থাকুন।’

তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দলের নেতারা একাত্তর সালে ভুল করেছেন, ছিয়াশি সালে ভুল করেছেন, ছিয়ানব্বই সালে ভুল করেছেন, আবার ২০২৬ সালেও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাঁদের বলব, এসব উসকানির রাজনীতি থেকে বেরিয়ে আসুন। মানুষের উপকারের পরিকল্পনা থাকলে সংসদে উপস্থাপন করুন। জনগণের সামনে তুলে ধরুন। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব।’

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আবদুর রহমান সানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com