সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঢাকায় যানজট: যে কারণে পাতালরেল চান না বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে
Promi News BD

রাজধানী ঢাকায় যানজট সমাধানের জন্য পাতালরেলের পরিকল্পনা বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন নগর বিশেষজ্ঞরা। এর পরিবর্তে জোর দিয়েছেন ফুটপাত উদ্ধার ও উন্নত বাস সার্ভিসের প্রতি।

আজ শুক্রবার দুপুরে ‘ঢাকায় পাতালরেল প্রকল্প: টেকসই পরিবহন পরিকল্পনার প্রাসঙ্গিকতায় উপযোগিতা বিশ্লেষণ’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে বিশেষজ্ঞরা এ মত দেন।

ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত এই সংলাপে বিশেষজ্ঞরা জানান, ঢাকায় প্রস্তাবিত পাতালরেল (সাবওয়ে) নির্মাণ করতে প্রতি কিলোমিটারে গড়ে ব্যয় হবে ২ হাজার ৩৬২ কোটি টাকা। নির্মাণের পর পাতালরেলের এক মাথা থেকে আরেক মাথায় যেতে নিয়মিত যাত্রীদের প্রতি মাসে ভাড়া দিতে হবে ২০ থেকে ২৫ হাজার টাকা।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান। তিনি বলেন, ঢাকা শহরে ২০৫০ সালের মধ্যে ২৫৮ কিলোমিটার পাতালরেল নির্মাণ করতে চায় সরকার। এতে মোট ১১টি রুট থাকবে। এর মধ্যে ২০৩০ সালের মধ্যে চারটি রুট চালুর পরিকল্পনা আছে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। চলতি বছরের জুন মাসে সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক নকশা তৈরির কাজ শেষ হবে। এ কাজেই ব্যয় হবে ৩১৮ কোটি টাকা।

তিনি বলেন, ২৫৮ কিলোমিটার পাতালরেল তৈরিতে মোট ব্যয় হবে ৬৫ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। প্রতি কিলোমিটারে ব্যয় হবে প্রায় ২ হাজার ৩৬২ কোটি টাকা। ২০৩০ সালের মধ্যে চারটি রুট নির্মাণ করতে যে ব্যয় হবে, তা চলতি অর্থবছরে দেশের মোট বাজেটের প্রায় অর্ধেক।

তিনি আরও বলেন, এমন ব্যয়বহুল প্রকল্প নেওয়ার জন্য ঢাকা শহর প্রস্তুত নয়। এখন পর্যন্ত যেসব দেশে পাতালরেল নির্মাণ করা হয়েছে, সেসব দেশের নাগরিকদের মাথাপিছু আয় আমাদের চেয়ে ২০ থেকে ৪০ গুণ বেশি।

ঢাকার সমস্যা সমাধানে তিনি সাশ্রয়ী ব্যয়ে রেলপথ উন্নয়ন, পথচারীবান্ধব ফুটপাত নির্মাণ ও বাসসেবাকে উন্নত করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে আইপিডির পরিচালক ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নগর–পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, পাতালরেলে নিয়মিত যাতায়াতে একজনের মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হতে পারে। তা ছাড়া পুরান ঢাকা ছাড়া শহরের অন্যান্য অঞ্চলের মাটির অবস্থাও খারাপ। এমন মাটির নিচ দিয়ে রেলপথ তৈরি করলে খরচ বেশি হয়। খরচের বিষয়টি বিবেচনা করে আপাতত পাতালরেল না করার পক্ষে মত দেন তিনি।

পাতালরেল শেষ পর্যন্ত বাংলাদেশের গলার কাঁটা হতে পারে বলে অনুষ্ঠানে আশঙ্কা প্রকাশ করেন আইপিডির উপদেষ্টা ও নগর–পরিকল্পনাবিদ অধ্যাপক আকতার মাহমুদ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন আইপিডির পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ফরহাদুর রেজা, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক মারুফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com