মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ছয় জেলায় সাত খুন, লাশ উদ্ধার

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দেশের ছয় জেলায় সাতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। জেলাগুলো হচ্ছে—ঈশ্বরদী, ঝালকাঠি, ঝিনাইদহের কালীগঞ্জ, খুলনা, ফিরোজপুর ও নরসিংদীর রায়পুরা।

অন্যদিকে চট্টগ্রামের ইউএসটিসি এলাকায় এক নারী শ্রমিকের লাশ পাওয়া গেলেও নিশ্চিত হওয়া যায়নি তিনি হত্যাকাণ্ডের শিকার নাকি আত্মহত্যা করেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন : 

ঈশ্বরদী : পাবনার ঈশ্বরদীতে বিরোধপূর্ণ জমিতে থাকা সজনেগাছের পাতা ছাগলে খাওয়াকে কেন্দ্র করে ছাগলের মালিক মহাবুল ইসলাম প্রামাণিক ওরফে মহাবুল মিষ্টিওয়ালাকে (৬৪) পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। হত্যাকারীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল রবিবার সকালে উপজেলা সাহাপুর আজিজলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহাবুল ওই এলাকার মৃত আজিজল প্রামাণিক ওরফে আজুর ছেলে। আর হত্যাকারী একই এলাকার মৃত বিদু মুন্সির ছেলে আবুল বাসার ওরফে বাসার মুন্সি। ঘাতক ও নিহত মহাবুল সম্পর্কে আপন মামাতো-ফুপাতো ভাই। স্থানীয় মেম্বার তহিদুল ইসলাম তুহিন ও প্রত্যক্ষদর্শী আতাউর রহমান মৌলভি জানান, আবুল বাসার তাঁর হাতে থাকা বাঁশের মোটা বাতা দিয়ে মহাবুলের মাথা ও ঘাড়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তরা আমিনুল ইসলাম বাবু (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। রবিবার দুপুরে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আমিনুল ইসলাম উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে। নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম জানান, উদ্ধারকালে লাশের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন পাওয়া গেছে।

 

কালীগঞ্জ : ঝিনাইদহ সদর উপজেলার কালীগঞ্জের গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে সাগরিকা আক্তার বুলবুলি নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিমুল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী। রবিবার ভোররাতে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাগরিকা আক্তার সদর উপজেলার করিমপুর গ্রামের ইন্তাজ আলী বিশ্বাসের মেয়ে এবং স্বামী শিমুল হোসেন একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।

খুলনা : উপকূলীয় এলাকা কয়রা থেকে খুলনায় জীবিকার তাগিদে এসেছিলেন ডালিম গাজী। কিন্তু মসজিদের বারান্দায় মিলল তাঁর মৃতদেহ। গতকাল ভোর সাড়ে ৫টায় এ হত্যাকাণ্ড ঘটে। খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়াবাজার জয়খালী ব্রিজসংলগ্ন মসজিদের বারান্দা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ জানায়, খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজী ও ভানু বিবির ছেলে মৃত ডালিম গাজী। তিনি পেশায় দিনমজুর।

পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক কাপড় ব্যবসায়ী ও এক কৃষককে নৃশংসভাবে হত্যা করেছে। রবিবার দুপুরে উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা ও ফুলঝুড়ি গ্রামে নৃশংস এ দুই হত্যাকাণ্ড ঘটে। থানা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আব্দুল কাইয়ুম (৩০) নামের এক কাপড় ব্যবসায়ীকে নিজ বসতঘরের শয়নকক্ষে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত। রবিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনার সময় বাড়িতে তাঁর পরিবারের কেউ ছিল না। নিহত কাইয়ুুম উপজেলার টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মো. জালাল হাওলাদারের ছেলে। অন্যদিকে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫) নামের এক কৃষককে জমিসংক্রান্ত বিরোধের জেরে নিজ বাড়ির উঠানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত ইউসুফ শরীফ উপজেলার ফুলঝুড়ি গ্রামের ফজলুল হক শরীফের ছেলে।

রায়পুরা : নরসিংদীর রায়পুরায় ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতর ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মে) রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙা রেলগেটসংলগ্ন ভাই ভাই এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত শাহারাজ খলিফার ছেলে। তিনি হার্ডওয়্যার ও টাইলসের মালপত্রের ব্যবসা করতেন।

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি) ক্যাম্পাসের হাসপাতাল ভবনের সামনে থেকে রীতা আক্তার (২০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। গতকাল খুলশী থানার ওসি আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘রীতা কিভাবে মারা গেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাঁকে ভবন থেকে কেউ ফেলে দিয়েছে, নাকি তিনি নিজেই লাফ দিয়েছেন, তা তদন্ত করা হচ্ছে। এ ছাড়া পাহাড়তলী থেকে কেন তিনি এখানে এসেছিলেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’ রীতা আক্তার পাহাড়তলী থানার সিডিএ মার্কেটসংলগ্ন নোয়াপাড়া এলাকায় বোনের সঙ্গে থাকতেন। তিনি পোশাক শ্রমিক ছিলেন। ওসি আরিফুর রহমান আরো বলেন, ‘ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। মাথা ছাড়া তাঁর শরীরে আঘাতের অন্য কোনো চিহ্নও পাওয়া যায়নি।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com