বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক অগ্রগতি এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
গতকাল সোমবার সকালে রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায়ে আর্ন উপস্থিত ছিলেন।
বৈঠকে ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করে। এ সময় ডেরেক লোহ সিঙ্গাপুর সফরের জন্য ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান। বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানও উপস্থিত ছিলেন।