ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ১১তম সভা রবিবার (১০ মে) অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, এনডিসি।
সভায় রেঞ্জ ডিআইজি, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং সেবা ফাউন্ডেশন, উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে ময়মনসিংহ অঞ্চল থেকে ১২১ জন শিশু শ্রমিককে বিভিন্ন ধরনের শ্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। চলতি অর্থবছরের এপ্রিল ২০২৬ পর্যন্ত মোট ১৩৫ জন শিশুশ্রমিক শনাক্ত ও নিরসন করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ১২২ জন এবং নেত্রকোনা জেলায় ১৩ জন শিশু রয়েছে।
এছাড়া জামালপুর সদর উপজেলার তুলশীরচর ও লক্ষ্মীরচর ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করা হয়েছে বলেও সভায় উল্লেখ করা হয়।
সভায় শিশুশ্রম নিরসনে নিয়মিত পরিদর্শন, বিশেষ অভিযান, উদ্বুদ্ধকরণ কার্যক্রম এবং আইনগত ব্যবস্থা গ্রহণসহ চলমান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী বলেন, “যে শিশু সে পড়াশোনা করবে, এর বাইরে অন্য কোনো শ্রমঘন কাজে তাকে যুক্ত করা উচিত নয়।”
তিনি আরও বলেন, “বিচ্ছিন্নভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন না করে একটি নির্দিষ্ট শিশুর ওপর বিশেষভাবে ফোকাস করতে হবে। সেই শিশুর পরিবারকে আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী করতে পরিবারভিত্তিক সহায়তা প্রদান জরুরি।”
তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে থাকে। এসব সুবিধার মাধ্যমে শিশুশ্রমে জড়িত পরিবারের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া অনেক বাসাবাড়িতে ১৪ বছরের কম বয়সী শিশুদের শ্রমে নিয়োজিত থাকার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। শিশুশ্রম সংক্রান্ত অভিযোগ জানাতে সরকারের টোল ফ্রি শ্রমিক হেল্পলাইন ১৬৩৫৭ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
সভায় সরকারি জনবান্ধব সেবাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রচার কার্যক্রম আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।