শজনেডাঁটায় বড় মাছের খাট্টা
উপকরণ
রুই মাছ চার টুকরা, শজনেডাঁটা ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দুই চা চামচ করে, ধনে, জিরা, হলুদ ও মরিচ গুঁড়া, তেঁতুলের টক পানি এক চা চামচ করে, লবণ স্বাদমতো, চিনি সামান্য এবং সয়াবিন তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন
* কড়াইয়ে তেল গরম করে মাছের সঙ্গে লবণ ও হলুদ মেখে ভেজে নিন।
* ভেজে রাখা মাছ তুলে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন।
* তারপর শজনেডাঁটা দিয়ে আবার কষিয়ে প্রয়োজনমতো পানি দিন।
* সিদ্ধ হয়ে এলে মাছ দিয়ে ঢেকে রান্না করুন। পাঁচ মিনিট পর তেঁতুলের টক পানি দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
শজনের আচারি ডাল
উপকরণ
শজনেডাঁটা ১৫০ গ্রাম, মসুর ডাল ও মুগ ডাল এক কাপ, কাঁচা আম তিন টুকরা, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, রসুন কুচি, আদা, রসুন বাটা, হলুদ, মরিচ গুঁড়া, পাঁচফোড়ন এক চা চামচ করে, শুকনা মরিচ তিন-চারটি, কাঁচা মরিচ চার-পাঁচটি, লবণ স্বাদমতো, তেজপাতা একটি এবং সরিষার তেল দুই টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
* ডাল ধুয়ে সব মসলা ডালের সঙ্গে ভালো করে মাখিয়ে আধা লিটার পানি ও শজনেডাঁটা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
* তারপর আম দিয়ে দুই মিনিট পরে অন্য কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন, শুকনা মরিচ, রসুন কুচি ও তেজপাতা ফোড়ন দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে নামিয়ে নিন। এরপর পাত্রে ঢেলে পরিবেশন করুন।
সরিষা বাটায় শজনেডাঁটা
উপকরণ
শজনেডাঁটা ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, আদা-রসুন বাটা ও ধনে গুঁড়া এক চা চামচ করে, সরিষা বাটা দুই চা চামচ, কাঁচা মরিচ বাটা দুই চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদমতো এবং সরিষার তেল দুই টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
* কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা ভেজে সরিষা বাটা বাদে বাকি সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
* তার পরে শজনেডাঁটা দিয়ে আবার ভালো করে কষিয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রান্না করুন ১০ মিনিট।
* এরপর সরিষা বাটা একটু পানি দিয়ে গুলে দিন। ঢেকে রান্না করুন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে পাত্রে সাজিয়ে পরিবেশন করুন।
শজনের পাঁচমিশালি
উপকরণ
শজনেডাঁটা ২০০ গ্রাম, বরবটি ১০০ গ্রাম, বেগুন, মিষ্টি আলু ও পেঁপে এক কাপ করে, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, রসুন কুচি দুই চা চামচ, ঘি, আদা বাটা, সরিষা বাটা, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া এক চা চামচ করে, পোস্ত দানা বাটা আধা চা চামচ, নারকেল বাটা এক টেবিল চামচ, শুকনা মরিচ পাঁচটি, তেজপাতা দুটি, রাঁধুনি আধা চা চামচ, সরিষার তেল দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো এবং চিনি সামান্য।

যেভাবে তৈরি করবেন
* কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, শুকনা মরিচ ও রাঁধুনি দিয়ে ফোড়ন দিন।
* তারপর একে একে বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর সবজিগুলো দিয়ে কষিয়ে প্রয়োজনমতো পানি দিয়ে রান্না করুন ১০ মিনিট।
* সবজিগুলো সিদ্ধ হলে এক চিমটি চিনি ও ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। পাত্রে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন।
শজনেডাঁটা কাঁচা আমের যুগলবন্দি
উপকরণ
কাঁচা আম ও বেগুন এক কাপ করে, শজনেডাঁটা ২০০ গ্রাম, রসুন কোয়া চার-পাঁচটি, রসুন কুচি এক টেবিল চামচ, পাঁচফোড়ন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও জিরা গুঁড়া এক চা চামচ করে, লবণ স্বাদমতো, শুকনা মরিচ চারটি, চিনি দুই চা চামচ এবং সরিষার তেল তিন টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
* কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে বেগুন লবণ মেখে হালকা করে ভেজে তুলে নিন।
* ওই তেলের মধ্যে পাঁঁচফোড়ন, রসুন কুচি, শুকনা মরিচ ও রসুনের কোয়া দিয়ে হালকা ভেজে শজনেডাঁটা দিয়ে কষিয়ে নিন। এরপর একটু পানি দিয়ে ঢেকে রান্না করুন পাঁচ মিনিট।
* তারপর আম দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে রাখা বেগুন দিয়ে ভালো করে কষান। মাখা মাখা হলে চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।