মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গতকাল কোনো জাহাজ ওই এলাকা পার হতে পারেনি। এদিন একটি ট্যাংকার ও একটি কনটেইনারবাহী জাহাজে হামলার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরান নিজেদের অবস্থানে অনড় থাকায় সমঝোতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো চুক্তিতে পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্র ও ইরানকে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। বেশ কিছু মৌলিক বিষয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসবে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুই দেশই আলোচনা চালিয়ে যেতে আগ্রহী, তবে বেশ কিছু বিষয়ে এখনো গভীর মতপার্থক্য রয়ে গেছে।
এদিকে ইরানি বন্দর থেকে মার্কিন অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালি ‘পুরোপুরি বন্ধ’ রাখার ঘোষণা দিয়েছে আইআরজিসি।
অন্যদিকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার দ্বিতীয় পর্বের জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান ঘোষণা করা না হলেও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে দেখা গেছে।
যেকোনো উপায়ে শান্তিচুক্তি হবে : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তবে এর পরও একটি শান্তিচুক্তি সম্ভব বলে তিনি মনে করেন। ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে শেষ পর্যন্ত একটি শান্তিচুক্তি সম্ভব হবে।
তবে শান্তিচুক্তিতে রাজি হওয়ার জন্য ইরানের কাছে এটাই ‘শেষ সুযোগ’ বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত ন্যায্য ও যুক্তিসংগত একটি প্রস্তাব দিচ্ছি এবং আমি আশা করি তারা (ইরান) তা গ্রহণ করবে। যদি তারা তা না করে, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতু ধ্বংস করে দেবে। আর কোনো ভদ্রতা নয়! তাদের পতন হবে দ্রুত, সহজভাবে। যদি তারা এই চুক্তি গ্রহণ না করে, তবে যা করা দরকার তা করতে পারাটা আমার জন্য সম্মানের হবে, যা গত ৪৭ বছর ধরে অন্য প্রেসিডেন্টদের ইরানের প্রতি করা উচিত ছিল। ইরানের এই হত্যাযন্ত্রের (কিলিং মেশিন) অবসান ঘটানোর সময় এসেছে!’
যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনার আগে ইসলামাবাদে কঠোর নিরাপত্তা
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার দ্বিতীয় পর্বের জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান ঘোষণা করা হয়নি। তবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে দেখা গেছে। তুরস্ক ও মিসরের সমর্থনে এই আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তিনি ইসলামাবাদ সফর করতে পারেন।
জেডি ভ্যান্স ছাড়াই পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল
ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মূলত নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তিনি মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রতিনিধিদলে বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও অংশ নেবেন।
ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে : ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল বলেছেন, ইরানের পারমাণবিক অধিকার খর্ব করার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই এই মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ট্রাম্প বলেছেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না। কিন্তু তিনি এটি বলছেন না যে কোন অপরাধে এ বাধা দেওয়া হচ্ছে? একটি জাতির অধিকার কেড়ে নেওয়ার তিনি কে?’
ইরান থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু আজ
যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ থাকা আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ বিমানবন্দর থেকে আজ থেকে আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে সরকার। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা শুরু হলে ইরানের সব বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম স্থগিত করা হয়েছিল।
ইরানের হামলায় তেল আবিবের হাজারের বেশি অ্যাপার্টমেন্ট বসবাসের অনুপযোগী
ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরটির মেয়র রন হুলদাই স্থানীয় টেলিভিশন চ্যানেল ১২-কে জানিয়েছেন, হামলার ফলে এক হাজারের বেশি অ্যাপার্টমেন্ট এখন বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। তিনি জানান, এসব ভবনের কাঠামোগত ক্ষতি এতটাই বেশি যে সেগুলোতে বসবাস করা নিরাপদ নয়। ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দাদের অনেককে এরই মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসরায়েলে ইরানের হামলায় অন্তত ২৬ জন নিহত এবং দুই হাজার ৬০০ জনের বেশি আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘তিক্ত পরাজয়ের’ হুঁশিয়ারি মোজতবা খামেনির
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, তাঁর দেশের নৌবাহিনী শত্রুদের ‘নতুন তিক্ত পরাজয়’ উপহার দিতে প্রস্তুত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় এই হুঁশিয়ারি দেওয়া হয়। সেখানে বলা হয়, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরানের নৌবাহিনী সক্রিয়ভাবে প্রস্তুত রয়েছে।