পিআইডি, ময়মনসিংহ : ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি’র সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা, জেলার জেলা প্রশাসকরা, ডিজিএফআই, এনএসআই-এর বিভাগীয় প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি, ত্রিশাল ও ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

 

সভায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হেলিপ্যাড ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সার্বিক প্রস্তুতি, সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলো নির্ধারিত স্থানে হেলিপ্যাড মেরামত, সড়ক সংস্কার, ফুটপাত উচ্ছেদ, ময়লা পরিষ্কার, ফুটওভার ব্রিজ মেরামত ও স্থানান্তরের বিষয়ে মতামত প্রদান করে। সড়ক ও জনপথ বিভাগ জানায়, উচ্ছেদ কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।

 

 

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাজার এলাকার অবৈধ ঝুপড়ি দোকান দ্রুত উচ্ছেদ করা হবে। পাশাপাশি পৌর এলাকার ড্রেন পরিষ্কার, সৌন্দর্যবর্ধন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সড়কের উন্নয়ন, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে। নজরুল স্মৃতিবিজড়িত স্থানগুলোও সাজানো হবে বলে জানানো হয়।

 

 

বিদ্যুৎ বিভাগ জানায়, অনুষ্ঠানের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে এবং তিন দিনব্যাপী কর্মসূচিতে বিকল্প জেনারেটর ব্যবস্থাও থাকবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুপেয় পানি ও মোবাইল টয়লেট স্থাপনের কাজ করবে।

 

নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ, ডিজিএফআই, এনএসআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে। সভায় জানানো হয়, অনুমতি ছাড়া কোনো ড্রোন উড়ানো যাবে না।

 

এছাড়া ঈদ ও কোরবানির পশুবাহী যানবাহনের চাপ, জনসমাগম এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আলাদা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট প্রশাসন।

 

 

নজরুল বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক দলগুলো প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মভিত্তিক নৃত্যনাট্য, গান, কবিতা ও যাত্রাপালা পরিবেশনার প্রস্তুতি নিচ্ছে বলেও সভায় জানানো হয়।