ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) প্রকল্পের আওতায় সার্কিট হাউজ মাঠের চারপাশে স্মার্ট এলইডি বাতি স্থাপন এবং চরপাড়া মোড় থেকে নগরীর চুরখাই শেষ সীমানা পর্যন্ত প্রধান সড়কে আধুনিক আলোকায়ন ব্যবস্থা চালু করা হয়।
এছাড়া উদ্বোধন করা হয়— ২৫নং ওয়ার্ডের শান্তিনগর মোড় এলাকায় (দিঘারকান্দা, কাদুর বাড়ি, গ্রামীণ ব্যাংকের পাশ) পিভিসি পাইপ ড্রেনসহ আরসিসি রাস্তা নির্মাণ এবং ১৯নং ওয়ার্ডের কেওয়াটলালী পাওয়ার হাউজ কলোনিতে একই ধরনের অবকাঠামো উন্নয়ন কাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, নগরবাসীর জীবনমান উন্নয়নই সিটি কর্পোরেশনের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “ময়মনসিংহ নগরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে আমরা ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছি। স্মার্ট এলইডি লাইটিং ব্যবস্থার মাধ্যমে নগরীর প্রধান সড়কগুলো আরও নিরাপদ ও দৃষ্টিনন্দন হবে।”
তিনি আরও বলেন, “নগরীর বিভিন্ন ওয়ার্ডে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসন এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতেই এসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জনগণের সহযোগিতা থাকলে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।”
সিটি প্রশাসক আশা প্রকাশ করেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে নগরীর যান চলাচল, পরিবেশ এবং নাগরিক সুবিধা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
বিভাগ : বাংলাদেশ