অনলাইন ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় মরদেহের একটি খণ্ডিত হাত ঘটনাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার মুসল্লি ইউনিয়নের দাপুনহাটি জনতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আনন্দবাজার এলাকার কাছে হাতবিহীন একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে সেখানে মরদেহের একটি হাত পাওয়া যায়নি।
পরবর্তীতে উপজেলার সোহাগী এলাকার পাশে একটি খণ্ডিত হাত পড়ে থাকার খবর পাওয়া যায়। দুপুরে সেটি উদ্ধার করে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের ধারণা, ভোরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ ট্রেনের সঙ্গে দুর্ঘটনায় ওই ব্যক্তি নিহত হন। দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া হাতটি ট্রেনের চাকায় আটকে ঈশ্বরগঞ্জের সোহাগী রেলস্টেশন এলাকায় গিয়ে পড়ে থাকতে পারে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শাজাহান মিয়া গনমাধ্যমকে জানান, হাতের আঙুল ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিচয় শনাক্তে সমস্যা হচ্ছে। মরদেহটি অজ্ঞাত হিসেবে কিশোরগঞ্জ পৌরসভা সরকারি কবরস্থানে দাফন করা হবে।








