সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ওপারের পাঁচ পদ ডাল

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
ছোলার ডালে খাসির মাংস

উপকরণ

খাসির মাংস ৫০০ গ্রাম, ছোলার ডাল এক কাপ, পেঁয়াজ কুচি করা দুটি, টমেটো একটি, আদা বাটা ও রসুন বাটা এক টেবিল চামচ করে, দই দুই টেবিল চামচ, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া ও ঘি এক চা চামচ করে, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, তেজপাতা, এলাচ ও লবঙ্গ দুটি করে, দারচিনি এক টুকরা, লবণ স্বাদমতো, চিনি আধা চা চামচ এবং সরিষার তেল বা সাদা তেল তিন টেবিল চামচ।

ওপারের পাঁচ পদ ডাল

যেভাবে তৈরি করবেন

*    খাসির মাংস দই, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ ও লবণ মেখে ৩০ মিনিট রেখে দিন।

*    ডাল আধা ঘণ্টা ভিজিয়ে রেখে লবণ-হলুদ দিয়ে ৭০ শতাংশ সিদ্ধ করে রাখুন। একেবারে গলে যাবে না।

 

*  কড়াই বা প্রেসারকুকারে তেল গরম করে তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে আদা-রসুন, টমেটো, জিরা ও ধনে গুঁড়া দিয়ে কষিয়ে নিন।

*   এবার মাংস দিয়ে ১০ থেকে ১২ মিনিট ভালো করে কষিয়ে ছোলার ডাল মিশিয়ে গরম পানি দিন। প্রেসারকুকারে চার-পাঁচটি সিটি দিন, যাতে মাংস নরম হয় আর ডাল ঝোলটিকে ঘন করে।

 

*   এবার ঢাকনা খুলে একটু চিনি, গরম মসলা ও এক চা চামচ ঘি দিয়ে দুই মিনিট ফুটিয়ে নামিয়ে রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

 

বিউলির ডাল

উপকরণ

বিউলির ডাল এক কাপ, আদা বাটা, মৌরি বাটা, চিনি ও ঘি এক চা চামচ করে, গোটা মৌরি আধা চা চামচ, তেজপাতা দুটি, শুকনা মরিচ দুটি, কাঁচা মরিচ দুটি, হলুদ গুঁড়া আধা চা চামচ, হিং এক চিমটি, লবণ স্বাদমতো এবং সরিষার তেল এক টেবিল চামচ।

ওপারের পাঁচ পদ ডাল

যেভাবে তৈরি করবেন

*   শুকনা কড়াইয়ে বিউলির ডাল দু-তিন মিনিট হালকা ভেজে নিন। সুন্দর গন্ধ বের হলে নামিয়ে নিন।

 

*    এরপর ডাল ধুয়ে প্রেসারকুকারে লবণ, হলুদ, কাঁচা মরিচ ও তিন কাপ পানি দিয়ে তিনটি সিটি দিন। বেশি গলে যেন না যায়। একটু দানা দানা থাকলে ভালো।

*   এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে তেজপাতা, শুকনা মরিচ, গোটা মৌরি ও হিং দিন। ফোড়নের গন্ধ বেরোলে আদা বাটা ও মৌরি বাটা দিয়ে একটু কষিয়ে নিন।

 

*   এবার সিদ্ধ ডাল ঢেলে নেড়েচেড়ে চিনি দিয়ে দু-তিন মিনিট ফুটতে দিন। ওপরে এক চা চামচ ঘি ও চেরা কাঁচা মরিচ দিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 

ধনেপাতা টমেটোতে মসুর ডাল

উপকরণ

মসুর ডাল এক কাপ, টমেটো কুচি করা দুটি, ধনেপাতা কুচি করা আধা কাপ, কাঁচা মরিচ দু-তিনটি, পেঁয়াজ কুচি করা একটি, রসুন কুচি করা চার-পাঁচ কোয়া, হলুদ গুঁড়া, চিনি ও কালিজিরা আধা চা চামচ করে, লবণ স্বাদমতো, সয়াবিন তেল এক টেবিল চামচ এবং শুকনা মরিচ একটি।

ওপারের পাঁচ পদ ডাল

যেভাবে তৈরি করবেন

*    মসুর ডাল ধুয়ে তিন কাপ পানি, হলুদ ও কাঁচা মরিচ দিয়ে ১০ থেকে ১২ মিনিট সিদ্ধ করুন।

*    কড়াইয়ে তেল গরম করে কালিজিরা, শুকনা মরিচ ও রসুন কুচি দিন। রসুন হালকা সোনালি হলে চাইলে পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম করে নিন। এবার টমেটো কুচি দিয়ে নরম করে কষিয়ে নিন, যেন টমেটো গলে যায়।

*   এরপর সিদ্ধ ডাল ঢেলে দিয়ে লবণ ও সামান্য চিনি দিন। তিন-চার মিনিট ফুটিয়ে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে এক মিনিট ঢেকে রাখুন। এতে দারুণ সুগন্ধ বের হবে।

 

উচ্ছে টমেটোতে মুগ ডাল

উপকরণ

ভাজা মুগ ডাল এক কাপ, পাতলা গোল করে কাটা উচ্ছে একটি, টমেটো কুচি করা একটি, কাঁচা মরিচ দুটি, আদা বাটা, ঘি ও চিনি এক চা চামচ করে, হলুদ গুঁড়া ও পাঁচফোড়ন আধা চা চামচ করে, লবণ স্বাদমতো, সরিষার তেল এক টেবিল চামচ, শুকনা মরিচ দুটি এবং তেজপাতা একটি।

ওপারের পাঁচ পদ ডাল

যেভাবে তৈরি করবেন

*    কড়াইয়ে মুগ ডাল হালকা সোনালি করে ভেজে ধুয়ে নিন। ডালে পানি, হলুদ ও লবণ দিয়ে ৮০ শতাংশ সিদ্ধ করুন। একেবারে গলে যাবে না।

*    কড়াইয়ে সরিষার তেল গরম করে উচ্ছে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।

*   একই তেলে পাঁচফোড়ন, তেজপাতা ও শুকনা মরিচ ফোড়ন দিন। এরপর আদা বাটা ও টমেটো কুচি দিয়ে কষিয়ে নিন।

*   এবার সিদ্ধ ডাল ঢেলে দিন। ভাজা উচ্ছে ও কাঁচা মরিচ দিয়ে চার-পাঁচ মিনিট ফুটতে দিন। শেষে এক চিমটি চিনি ও এক চা চামচ ঘি দিলে স্বাদ একদম অন্য লেভেলে পৌঁছে যাবে।

 

পটোল দিয়ে মুগ ডাল

উপকরণ

মুগ ডাল এক কাপ, পটোল ছয়-সাতটি [খোসা হালকা ছিলে মাঝারি করে চিরে নেওয়া], কাঁচা মরিচ দুটি, আদা বাটা, ঘি ও চিনি এক চা চামচ করে, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল এক টেবিল চামচ, শুকনা মরিচ দুটি এবং তেজপাতা একটি।

 

যেভাবে তৈরি করবেন

*    মুগ ডাল হালকা সোনালি করে ভেজে ধুয়ে নিন। ডালে পানি, হলুদ ও লবণ দিয়ে ৮০ শতাংশ সিদ্ধ করুন। একেবারে গলে যাবে না।

* পটোল লবণ ও হলুদ দিয়ে মেখে লালচে করে ভেজে তুলে রাখুন। এতে পটোল দেখতে সুন্দর লাগে।

*  কড়াইয়ে তেল গরম করে জিরা ও শুকনা মরিচ দিন। তারপর আদা বাটা দিয়ে একটু নেড়ে ডাল ঢেলে দিন।

*    এবার ভাজা পটোল, লবণ ও সামান্য চিনি দিয়ে চার-পাঁচ মিনিট ফুটতে দিন। ডাল একটু ঘন হলে নামানোর আগে ঘি ছড়িয়ে পরিবেশন করুন।

 

 

 

 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com