সোমবার (৩০ মার্চ) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইন উদ্দিন হাম রোগীদের জন্য হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় আইসোলেশন ওয়ার্ড চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইন উদ্দিন হাম রোগীদের জন্য হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় আইসোলেশন ওয়ার্ড চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত হাসপাতালে মোট ১০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়। এর মধ্যে ৫ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর্তমানে হাসপাতালে মোট ৬৮ শিশু চিকিৎসাধীন রয়েছে।
সূত্র জানায়, চলতি মাসের মাঝামাঝি সময় থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে।

হাসপাতালের হাম ওয়ার্ডের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক গোলাম মাওলা বলেন, পরিস্থিতি সামলাতে হাসপাতালের ৮ তলায় পৃথক আইসোলেশন ওয়ার্ড স্থাপনের কাজ চলছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইন উদ্দিন বলেন, হামের প্রাদুর্ভাব সারা দেশে বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের ময়মনসিংহ বিভাগীয় এলাকায়ও হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। যেহেতু রোগীর সংখ্যা বেড়ে গেছে, শিশু ওয়ার্ডে স্থান সংকুলান হচ্ছে না।
ময়মনসিংহের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ বলেন, হামে আক্রান্ত রোগী বৃদ্ধি পাওয়ায় জেলার ১৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্টকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারা সার্বক্ষণিক হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকবেন। তবে আজ সকাল পর্যন্ত এসব উপজেলায় হামে আক্রান্ত হয়ে কোনো রোগী ভর্তি হয়নি।