ইফতারের টেবিলে পাকোড়া, ভাজা খাবার তো থাকবেই। স্বাদে বৈচিত্র্য আনতে মাঝেমধ্যে ভিন্ন ভিন্ন খাবার পাতে রাখতে পারেন। প্যান ফ্রাই ডাম্পলিং, সুগার ফ্রি সাগুদানার ফ্রুটিও হতে পারে ইফতারের সেরা মেন্যু। রেসিপি দিয়েছেন শেফ আলিফ রিফাত
সুগার ফ্রি সাগুদানার ফ্রুটি
উপকরণ: সেদ্ধ সাগু আধা কাপ, ঘন দুধ এক কাপ, ফল কাটা পছন্দ মতো আধা কাপ, জেলি চার ভাগের এক কাপ, বাদাম-কিশমিশ এক টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একত্রে মিলিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।
চিকেন নাচোস
উপকরণ: রুটি দুটি, কিমা এক কাপ, রসুন পাউডার আধা চা চামচ, সয়াসস এক টেবিল চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচ, টমেটো সস এক টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ময়দা আধা কাপ, ব্রেডক্রাম্ব এক কাপ, ডিম একটি ফেটানো, লবণ স্বাদমতো, ভাজার জন্য তেল।
প্রস্তুত প্রণালি: কিমা সব মসলা দিয়ে মেখে রাখতে হবে আধা ঘণ্টা। এবার কিমা দুই ভাগ করে রুটিতে মেখে নিতে হবে। এবার রুটি পিৎজা কাটার দিয়ে পিৎজা আকারে কেটে নিতে হবে। কাটা অংশ প্রথমে ময়দায় তারপর ডিমে এবং সবশেষে ব্রেডক্রাম্বে মাখিয়ে ডুবোতেলে ভাজতে হবে।
প্যান ফ্রাই ডাম্পলিং
উপকরণ: ময়দা এক কাপ, কিমা এক কাপ, কাঁচামরিচ কুচি দুটি, পেঁয়াজ কুচি দুটি, আদা কুচি আধা কাপ, রসুন কুচি তিন-চার কোয়া, ক্যাপসিকাম কুচি দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: ময়দায় তেল, লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে পরোটার মতো কাই তৈরি করতে হবে। কিমার সঙ্গে সব মসলা মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার ৪ ইঞ্চি পরিমাণ সাইজের রুটি বেলে তার মাঝখানে কিমা রেখে চ্যাপ্টাকৃতি ডাম্পলিং বানিয়ে তেলে ভেজে নিতে হবে।
চায়নিজ পাকোড়া
উপকরণ: বাঁধাকপি কুচি দুই কাপ, স্প্রিং অনিয়ন কুচি এক মুঠো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ কুচি দুই-তিনটি, ধনিয়া পাতা কুচি এক মুঠো, সয়াসস দুই টেবিল চামচ, চিনি-লবণ স্বাদমতো, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ, তেল ভাজার জন্য।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একত্রে মেখে নিয়ে ডুবোতেলে ভেজে নিতে হবে।