সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সাহ্‌রিতে আয়োজন

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

রোজায় সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করা সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ থাকতে সাহ্‌রিতে রাখুন সহজপাচ্য খাবার। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ফারজানা বাতেন

লাউ দিয়ে শোল মাছের মাথা

উপকরণ: শোল মাছের মাথা এবং টুকরা পাঁচ-ছয় পিস, লাউ একটি মাঝারি (গোল করে কাটা), পেঁয়াজ কুচি একটি, রসুন বাটা এক চা চামচ, সরিষা বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, লালমরিচ গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ (ঐচ্ছিক), জিরা গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ তিনটি, লবণ স্বাদমতো, সরিষার তেল তিন-চার টেবিল চামচ, পানি প্রয়োজনমতো, ধনিয়া পাতা সামান্য।
প্রস্তুত প্রণালি: শোল মাছের মাথা এবং টুকরাগুলো ধুয়ে হলুদ, লবণ মাখিয়ে ১০ মিনিট রাখুন। কড়াইতে তেল গরম করে মাছ হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে রসুন বাটা, সরিষা বাটা দিয়ে ১ মিনিট কষিয়ে নিন। এতে অন্যান্য মসলা, লবণ, সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। লাউ সামান্য হলুদ গুড়া, লবণ দিয়ে হালকা ভেজে নিয়ে ওই  মসলায় ২-৩ মিনিট কষিয়ে নিন। তারপর পানি দিয়ে ঢাকনা দিন। লাউ নরম হওয়া পর্যন্ত রান্না করুন। মাছগুলো ঝোলে দিন। কাঁচামরিচ দিয়ে ৪-৫ মিনিট ঢেকে রান্না করুন। শেষে চাইলে সামান্য সরিষার তেল ছিটিয়ে দিন। এরপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

সরষে, পোস্ত ডিম ভুনা

উপকরণ: ডিম আটটা (সেদ্ধ), সরিষা বাটা দুই টেবিল চামচ, পোস্ত বাটা এক টেবিল চামচ, কাঁচামরিচ চার-ছয়টি, রসুন তিন-চার কোয়া, পেঁয়াজ কুচি একটি মাঝারি, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল তিন-চার টেবিল চামচ, পানি এক-দেড় কাপ, বেরেস্তা চার ভাগের এক কাপ।
প্রস্তুত প্রণালি: ডিম সেদ্ধ করে সামান্য হলুদ, মরিচ ও লবণ মিশিয়ে হালকা ভেজে নিন। কড়াইতে পেঁয়াজ দিয়ে হালকা ভাজুন। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, সরিষা বাটা, পোস্ত বাটা দিয়ে সামান্য পানি দিয়ে ১ মিনিট নাড়ুন। তারপর পানি দিয়ে ঝোল বানিয়ে নিন। ঝোল ফুটে উঠলে ডিম দিয়ে ৫-৭ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। ঝোল একটু ঘন হলে সামান্য চিনি, কাঁচামরিচ দিয়ে নামিয়ে ওপরে বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।

চিংড়ি তেহারি

উপকরণ: চিংড়ি ৫০০ গ্রাম, পোলাও চাল তিন কাপ, আলু তিন-চারটি (ভাজা), পেঁয়াজ কুচি দুটি বড়, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, বাদাম বাটা এক টেবিল চা, টকদই আধা কাপ, ঘি দুই টেবিল চামচ, তেল দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো, হলুদ গুঁড়া আধা চা চামচ, সাদা বা কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ (ঐচ্ছিক), কাঁচামরিচ সাত-আটটি, পানি চার কাপ (চাল অনুযায়ী), তেজপাতা দুটি, এলাচ তিনটি, দারচিনি এক-দুই টুকরা, লবঙ্গ দুটি, বেরেস্তা আধা কাপ (অল্প), কিশমিশ, বাদাম এক টেবিল চামচ, ধনিয়া পাতা পরিমাণ মতো।
প্রস্তুত প্রণালি: চিংড়িতে লবণ, হলুদ মাখিয়ে সামান্য তেলে দুই পাশ হালকা ভেজে তুলে রাখুন। প্যানে তেল বা ঘি দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিন। এবার পেঁয়াজ দিয়ে হালকা সোনালি করে ভাজুন। এখন আদা-রসুন ও বাদাম বাটা দিয়ে একটু ভেজে এর মধ্যে টকদই,  লবণ দিয়ে ২-৩ মিনিট কষিয়ে নিন। তেল উঠলে বুঝবেন হয়ে গেছে। চাল ১৫-২০ মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে নিন। এবার চাল দিয়ে মসলার সঙ্গে ৩ মিনিট কষিয়ে নিন। এর মধ্যে ভাজা আলু দিয়ে একটু নেড়ে চার কাপ গরম পানি দিন। লবণ ও সামান্য চিনি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। পানি প্রায় শুকিয়ে গেলে এর মধ্যে চিংড়ি, কাঁচামরিচ, কিশমিশ, বাদাম সামান্য গোলমরিচ গুঁড়া দিন। ঢাকনা দিয়ে অল্প আঁচে ১০ মিনিট দমে রাখুন। হয়ে এলে ধনিয়া পাতা কুচি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

ডিম দিয়ে বাঁধাকপি ভাজি

উপকরণ: বাঁধাকপি কুচি দুই কাপ, ডিম দু-তিনটি, পেঁয়াজ কুচি একটি মাঝারি, কাঁচামরিচ দু-তিনটি, রসুন কুচি এক চা চামচ, হলুদ গুঁড়া সামান্য, লালমরিচ গুঁড়া আধা চা চামচ, কালিজিরা আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল দুই টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি সামান্য, শুকনা মরিচ তিন-চারটি।
প্রস্তুত প্রণালি: কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ ও কালো জিরা দিয়ে ভেজে নিন। এবার বাঁধাকপি কুচি দিয়ে ভালোভাবে নেড়ে হলুদ, লালমরিচ ও লবণ দিয়ে মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে ৫-৭ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। মাঝেমধ্যে নেড়ে দিন। বাঁধাকপি নরম হলে ডিম ভেঙে কড়াইতে দিন। ডিমগুলো দ্রুত নেড়ে মিশিয়ে দিন। ২-৩ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন। ওপরে ধনিয়া পাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com