সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গণতন্ত্রে শান্তিপূর্ণ উত্তরণের গৌরব

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হইবার মধ্য দিয়া গণতান্ত্রিক উত্তরণের পথে দেশ আরও এক ধাপ অগ্রসর হইল। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়া এই দেশের জনসাধারণ যেই অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আকাঙ্ক্ষা ব্যক্ত করিয়াছিল; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের মাধ্যমে উহা পূরণ হইল। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলসমূহের মধ্যে জয়-পরাজয় নিশ্চয়ই থাকিবে; কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়া চূড়ান্ত বিজয়ী হইয়াছে গণতন্ত্র। বিশেষত, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে একাদিক্রমে তিনটি নির্বাচনে ভোট প্রদান করিতে না পারিবার যেই বঞ্চনা পুঞ্জীভূত হইয়া আসিতেছিল, এই নির্বাচনের মধ্য দিয়া উহার অবসান ঘটিয়াছে। আমরা দেখিয়াছি, সমগ্র দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হইয়াছে। ভোট দিতে আসিয়া ব্যালট পেপারে সিল মারিবার পূর্বে-পরে কেন্দ্রের পাশে আড্ডা ও ছবি তুলিবার মধ্য দিয়া প্রায় বিস্মৃত ‘ভোট উৎসব’ পুনরায় ফিরিয়া আসিয়াছে।

স্বীকার্য, ২০০৮ সালে সর্বশেষ অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে ভোটার উপস্থিতির উচ্চহার এইবার দেখা যায় নাই। কিন্তু বিপুল অধিকাংশ ভোটারের স্বতস্ফূর্ত অংশগ্রহণে ভোট প্রদানের জাতীয় আকাঙ্ক্ষাই প্রতিফলিত হইয়াছে। ইহাও স্বীকার্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করিতে পারে নাই মূলত নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ হইবার কারণে। কিন্তু আওয়ামী লীগের জোটসঙ্গীসহ বিপুল সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ সম্ভব হইয়াছে। আমরা প্রত্যাশা করি, অবাধ ও সুষ্ঠু এই নির্বাচন ভবিষ্যতে সকল পক্ষের অংশগ্রহণের মধ্য দিয়া অন্তর্ভুক্তিমূলকও হইয়া উঠিবে।
ভোটার উপস্থিতি ও বিপুল সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণের বাহিরেও অপর যেই বিষয়টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাতন্ত্র্য প্রদান
করিয়াছে, উহা হইল শান্তিপূর্ণ ভোট গ্রহণ। জাতীয় নির্বাচনে রক্তপাত ও প্রাণহানির ন্যায় দুর্ভাগ্যজনক বাস্তবতা বাংলাদেশের প্রায় চিরসঙ্গী হইলেও এইবার উহা কার্যত পরিহার করা সম্ভব হইয়াছে। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অন্তত ৯ ব্যক্তির মৃত্যুর তথ্য যদিও পাওয়া গিয়াছে, ঐগুলির সহিত নির্বাচনী সহিংসতার সম্পর্ক রহিয়াছে বলিয়া জানা যায় নাই।

ভোট জালিয়াতি, কেন্দ্র দখল ও হুমকির ন্যায় অঘটনও এইবার ছিল নগণ্য। আমরা এই জন্য অন্তর্বর্তী সরকার, মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতাকর্মী, সর্বোপরি সাধারণ ভোটারগণকে ধন্যবাদ জানাইতে চাহি। সকল পক্ষের সহযোগিতা ও সহিষ্ণুতা ব্যতীত এইরূপ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্ভবপর হইত না। আমরা ইহাও প্রত্যাশা করি, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রশ্নে সহযোগিতা ও সহিষ্ণুতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকিবে। বস্তুত, উহার বিকল্পও নাই। গত দেড় দশকের অভিজ্ঞতায় ইহা প্রমাণ হইয়াছে– অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি প্রতিশ্রুতির অভাব কেবল অংশগ্রহণ করিতে না পারা রাজনৈতিক দলগুলিকেই বঞ্চিত করে না; জবরদস্তির নির্বাচনের মধ্য দিয়া ক্ষমতা টিকাইয়া রাখা রাজনৈতিক দলকেও অমিত মাশুল গুনিতে হয়। বিগত তিনিটি নির্বাচন ও উহার জের ধরিয়া সংঘটিত গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা হইতে দেশের সকল রাজনৈতিক দলই শিক্ষা গ্রহণ করিবে বলিয়া প্রত্যাশা।

স্মরণে রাখিতে হইবে, গণতন্ত্রের জন্য এই দেশ দীর্ঘ সংগ্রাম করিয়া আসিলেও সেই পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। যদিও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের মধ্য দিয়াই এই দেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা ঘটিয়াছিল; স্বাধীনতা-পরবর্তী সাড়ে পাঁচ দশকেও অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ব্যবস্থা কার্যত অধরাই রহিয়া গিয়াছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে ১৯৯১-২০০৮ সাল পর্যন্ত চারটি নির্বাচন পরাজিত ও বিজয়ী পক্ষের নিকটও শেষ পর্যন্ত গ্রহণযোগ্য ছিল। সংসদীয় ব্যবস্থাও এক প্রকার প্রাতিষ্ঠানিকতা পাইয়াছিল। কিন্তু বিগত তিনটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক না
হইবার কারণে কেবল রাজনৈতিক ও সংসদীয় ব্যবস্থাই নহে; দেশের অন্যান্য প্রতিষ্ঠানও ভারসাম্য হারাইয়া ফেলিয়াছিল। আমরা প্রত্যাশা করি, এই নির্বাচনের মধ্য দিয়া গণতন্ত্রে শান্তিপূর্ণ উত্তরণের গৌরব অপরাপর প্রাতিষ্ঠানিক গৌরবই ফিরাইয়া আনিবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com