শীতে ভারী খাবারের পাশাপাশি মচমচে খাবার খাওয়ার ঝোঁক বাড়ে। এ সময়ের শাকসবজি দিয়ে বানাতে পারেন পাকোড়া, বড়া কিংবা কাবাব। মজাদার তিন ধরনের মচমচে খাবারের রেসিপি দিয়েছেন মিতা আজহার
সরিষা ফুলের পাকোড়া
উপকরণ: সরিষা ফুল তিন কাপ, পেঁয়াজ কুচি চারটি, কাঁচামরিচ কুচি চারটি, চালের গুঁড়া দুই টেবিল চামচ, ময়দা তিন টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, তেল দুই কাপ, পানি পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি: প্রথমে ফুলগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে পরিমাণমতো পানি নিন। চালের গুঁড়া, ময়দা, সরিষা ফুল ও তেল বাদে সব উপকরণ মিশিয়ে নিন। এবার ফুলগুলো দিয়ে আলতো করে মেখে নিন। চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল দিন। গরম হলে মেখে রাখা সরিষার ফুল পাকোড়ার আকারে ভেজে নিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করুন।
সবজির কাবাব
উপকরণ: বাঁধাকপি কুচি এক কাপ, গাজর কুচি এক কাপ, কাঁচাকলা দুটি, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, কাঁচামরিচ কুচি দুটি, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কাবাব মসলা এক চা চামচ, আদা-রসুন বাটা এক চা চামচ, লবণ স্বাদমতো, চিনি সামান্য, ডিম একটি, বেকিং পাউডার চা চামচের চার ভাগের এক ভাগ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, তেল দুই কাপ।
প্রস্তুত প্রণালি: কাঁচা কলা টুকরা করে সেদ্ধ করে নিন। গাজর-বাঁধাকপিও সেদ্ধ করুন। এবার তেল বাদে একে একে সব উপকরণ দিন। উপকরণগুলো মেখে চ্যাপ্টা করে কাবাবের আকার নিন। চুলায় কড়াই বসিয়ে তেল দিন। গরম হলে সবজির কাবাব সোনালি করে ভেজে উঠিয়ে নিন। একটি প্লেটে সাজিয়ে পরিবেশন করুন মজাদার সবজির কাবাব।
ফুলকপির বড়া
উপকরণ: ফুলকপি (ছোট ছোট করে টুকরা করা) একটি, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ, ডিম একটি, চালের গুঁড়া দুই টেবিল চামচ, ভাজার জন্য তেল দুই কাপ।
প্রস্তুত প্রণালি: ফুলকপি লবণ পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিন। এতে পোকা থাকলে বের হয়ে যাবে। হাঁড়িতে পানি ফুটিয়ে ফুলকপিগুলো তিন মিনিট ভাপিয়ে নিন। একটি পাত্রে ডিম ও তেল বাদে শুকনা উপকরণগুলো পানি দিয়ে গুলে এবার ডিম দিন। ফুলকপির টুকরাগুলো দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিন। ফ্রাইপ্যানে তেল গরম হলে ফুলকপিগুলো দিন। উল্টেপাল্টে সোনালি করে ভেজে উঠিয়ে নিন। পরিবেশন পাত্রে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ফুলকপির বড়া।