বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম জিয়াউল আহসানের মামলায়

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

গুম ও হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর শাইখ মাহদী এ তথ্য জানান।

আজকে জিয়াউল আহসানের বিরুদ্ধে করা এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আসামিপক্ষের অব্যাহতির আবেদনের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যে জিয়াউল আহসান সম্পর্কে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার দেওয়া সাক্ষ্যের বিভিন্ন অংশ তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

চিফ প্রসিকিউটর কী বলেছিলেন, সে সম্পর্কে জানতে চাইলে প্রসিকিউটর শাইখ মাহদী বলেন, ‘তিনি (ইকবাল করিম ভূঁইয়া) যখন সশরীর সাক্ষ্য দেবেন, তখনই আসলে বিষয়টা পরিষ্কার হবে। আমরা আজকে শুধু আমাদের সাক্ষ্যপ্রমাণ থেকে দেখিয়েছি যে জিয়াউল আহসানকে আজকে ডিফেন্স (আসামিপক্ষ) যেভাবে একজন প্রফেশনাল অফিসার (পেশাদার কর্মকর্তা) হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তাঁদের সাবমিশনের মাধ্যমে, আমরা শুধু অতটুকু অংশই কোর্টে পড়েছি যে তাঁর বাহিনীর প্রধান যিনি ছিলেন সেই সময়ে, এই জিয়াউল আহসান সম্পর্কে তাঁর মনোভাব কী ছিল।’

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান
মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানফাইল ছবি: প্রথম আলো

প্রসিকিউটর শাইখ মাহদী বলেন, ‘এই বিষয়টা…তাঁর সাক্ষ্যপ্রমাণ রিড আউট (পড়ে শোনানো) করার মাধ্যমে আমরা দেখিয়েছি। বাট (তবে) তিনি সাক্ষ্যে মূলত কী বলেছেন, সেটি যখন তিনি সশরীর সাক্ষ্য দেবেন আদালতে, তিনিই তখন বলতে পারবেন।’

পরে এ বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর শাইখ মাহদী প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে ইতিমধ্যে জবানবন্দি দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এ মামলায় তাঁর ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে ১৪ জানুয়ারি আদেশ দেবেন ট্রাইব্যুনাল।

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে গত ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন।

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com