সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

উৎসবের খাবার দাবার

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বিয়ের মতো গুরুত্বপূর্ণ দিনের খাবার হওয়া চাই রাজকীয়। চাইলে ঘরেও বিয়ের খাবার যেমন খাসির রেজালা, কাচ্চি বিরিয়ানি, খাসির আস্ত রোস্ট ইত্যাদি রান্না করতে পারেন। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা আজহার

খাসির রেজালা
উপকরণ: খাসির মাংস এক কেজি, তেল-ঘি এক কাপ, দারচিনি দুই টুকরা, এলাচ তিনটি, পেঁয়াজ কুচি এক কাপ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, টক দই আধা কাপ, লবণ স্বাদমতো, তরল দুধ আধা কাপ, চিনি এক চা চামচ, কেওড়া জল এক টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ ৮-১০টি, মরিচের গুঁড়া আধা চা চামচ।
প্রস্তুত প্রণালি: মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। ফ্রাই প্যানে তেল-ঘি দিয়ে দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে নাড়ুন। মাংস দিয়ে আদা-রসুন বাটা, টক দই, চিনি দিন। ঢেকে রান্না করুন। এবার বাকি সব উপকরণ দিয়ে দমে রেখে রান্না করে নিন। সেদ্ধ হয়ে মাখামাখা হলে নামিয়ে নিন মজাদার খাসির রেজালা। পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

বোরহানি
উপকরণ: টক দই দুই কাপ, পুদিনা পাতা আধা কাপ, কাঁচামরিচ চারটি, ধনিয়া পাতা কুচি আধা কাপ, চিনি তিন চা চামচ, জিরার গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, বিট লবণ এক চা চামচ, গোলমরিচের গুঁড়া এক চা চামচ, লবণ আধা চা চামচ।
প্রস্তুত প্রণালি: ব্লেন্ডারে পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি দিয়ে এক মগ পানি দিয়ে দিন। উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করুন। গোলমরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, চিনি, টক দই দিয়ে আবার ব্লেন্ড করুন। ব্যস তৈরি হয়ে গেল বোরহানি।

জর্দা পোলাও
উপকরণ: পোলাও বা বাসমতির চাল ২৫০ গ্রাম, এলাচ ছয়-সাতটি, দারচিনি চার-পাঁচটি, লবঙ্গ দুই-চারটি, চিনি ২০০-২৫০ গ্রাম, আনারস চার ভাগের এক ভাগ ছোট ছোট টুকরা করে রস, ঘি দুই-তিন চা চামচ, তেল সিকি কাপ, কিশমিশ এক কাপ, ফুড কালার এক-দুই চা চামচ, মোরব্বা কুচি ও বাদাম কুচি পরিমাণ মতো, ছোট মিষ্টি ১২-১৫টি।
প্রস্তুত প্রণালি: প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিন। পোলাও চাল হলে ১৫ মিনিট আর বাসমতি চাল হলে ২৫ মিনিট রেস্টে রাখুন। পরিমাণমতো পানি, তেজপাতা, সামান্য লবণ, এক চা চামচ তেল ও জর্দার রং মিশিয়ে পানি ফুটলে চাল দিন। ৫-৮ মিনিট সেদ্ধ করে নিন। এবার চাল ছেঁকে পানি ঝরিয়ে রাখুন। প্যানে ঘি গরম করে মাঝারি আঁচে আস্ত গরম মসলা ভাজুন। আনারসের টুকরা, চিনি এবং পানি দিয়ে একসঙ্গে নাড়ুন। পানি বলক এলে সেদ্ধ চাল দিয়ে ভালো করে মেশান। এবার ঢেকে দিয়ে চুলা মিডিয়াম আঁচ থেকেও কমিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন। ১৫ মিনিট পর এক চা চামচ ঘি দিয়ে হালকা নাড়ুন। এবার ১০-১৫ মিনিট ঢেকে দমে রেখে দিন। হয়ে গেলে জর্দা নামিয়ে বাদাম কুচি ও ছোট মিষ্টি দিয়ে পরিবেশন করুন।

 

কাচ্চি বিরিয়ানি
উপকরণ: খাসির মাংস ২ কেজি, চিনি গুঁড়া চাল এক কেজি, পেঁয়াজ কুচি এক কাপ, পেঁয়াজ বেরেস্তা এক কাপ, আদা ও রসুন বাটা তিন টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া এক টেবিল চামচ, বিরিয়ানি মসলা এক প্যাকেট, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ, টমেটো সস তিন টেবিল চামচ, সয়াসস দুই টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, টক দই এক কাপ, পেঁপে বাটা আধা কাপ, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দুই-তিনটি করে, কাঁচামরিচ পাঁচ-ছয়টি।
প্রস্তুত প্রণালি: মাংসে সব বাটা ও গুঁড়া মসলা, দই, বাদাম, পেঁপে, পেঁয়াজ কুচি, সস, লবণ দিয়ে মাখিয়ে ৩ ঘণ্টা ঢেকে রাখুন। চাল ২০ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরান। ফুটন্ত পানিতে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ ও লবণ দিন। এক চা চামচ তেল দিয়ে এবার চাল দিন। বলক এলে ঢাকনা সরিয়ে দিন। আধা সেদ্ধ হলেই চাল ছেঁকে নিন। পাত্রে ম্যারিনেট করা মাংস সমানভাবে বিছিয়ে দিন। ওপরে সেদ্ধ করা ভাত, বেরেস্তা, কাঁচামরিচ, কিশমিশ, ঘি ও গুঁড়া দুধ ছিটিয়ে দিন। পরে আধা কাপ পানি দিন। নতুন গামছা ভিজিয়ে হাঁড়ির মুখের চারপাশে দিয়ে হাঁড়িটি ঢেকে দিন। ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা কম আঁচে রান্না করুন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com