মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পাঁচ জেলার সড়কে প্রাণ ঝরেছে ১০ জনের

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় দেশের পাঁচ জেলায় প্রাণ গেছে ১০ জনের। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবারের দুর্ঘটনায় মারা যান তারা। তাদের মধ্যে কুমিল্লার দাউদকান্দি, লক্ষ্মীপুরের রামগঞ্জ, চাঁদপুরের হাজীগঞ্জ ও চট্টগ্রামের ফটিকছড়িতে দুজন করে; হাটহাজারীতে ও ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে একজন করে মারা যান।

দাউদকান্দিতে স্টারলাইনের ধাক্কা
দাউদকান্দির হুগুলিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হয়েছেন দুজন। গতকাল শুক্রবার দুপুর ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে জেলার চান্দিনা উপজেলার বকরিকান্দির মৃত ফজলুল হকের ছেলে তফাজ্জল হোসেনের (৪৫) পরিচয় জানা গেছে। অপর ব্যক্তির (৪০) পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা দুজনই 
ইটবাহী ট্রলিতে করে যাওয়ার সময় ফেনীগামী স্টারলাইন পরিবহনের বাসের ধাক্কায় নিহত হন। এ সময় গুরুতর আহত আরও দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
তফাজ্জল হোসেনের স্ত্রী জোৎস্নার ভাষ্য, তাঁর স্বামী ইট ভাঙার কাজ করতেন। শুক্রবার
বিকেলে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্ঘটনায় নিহত হন। দাউদকান্দি হাইওয়ে থানার এসআই জাকির হোসেন জানান, লাশ দুটি তাদের হেফাজতে রাখা হয়েছে।

দুই যুবক নিহত
লক্ষ্মীপুরের রামগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী দুই যুবকের। শুক্রবার বিকেলে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের খলিফার দরজা ও কাটাখালী এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকরা হলেন– উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে হৃদয় হোসেন (২৫) ও মো. শফিকের ছেলে নাজমুল হাসান (২৪)। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মোটরসাইকেলে করে রামগঞ্জের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে
সংঘর্ষ হলে তারা মোটরসাইকেল থেকে রাস্তার ছিটকে পড়েন। গুরুতর অবস্থায় হৃদয় ঘটনাস্থলেই মারা যান। নাজমুলকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে মারা যান।
রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। অটোরিকশাচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাসচাপায় নানি-নাতনির মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে বাসচাপায় প্রাণ গেছে নানি ও নাতনির। গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার পশ্চিম বাজার শেরাটন হোটেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা ট্রান্সপোর্টের একটি বাসের চাপায় ছয় বছরের শিশু মার্জিয়া ঘটনাস্থলেই মারা যায়। তার নানি নাজমা বেগম গুরুতর আহত অবস্থায় শুক্রবার সকালে মারা যান।
নাজমা বেগমের স্বামী ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের মনির হোসেনের ভাষ্য, তাঁর স্ত্রী নাতনি মার্জিয়াকে নিয়ে বাজারে গিয়েছিলেন। ফেরার পথে হাজীগঞ্জ পশ্চিম বাজারের শেরাটন হোটেলের সামনে দিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় পূর্বদিক থেকে আসা চাঁদপুরগামী দ্রুতগতির বাসটি তাদের চাপা দেয়।
এলাকাবাসী জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করে তারা চালক আব্দুল হান্নানকে পুলিশের হাতে তুলে দেন। হান্নান দাবি করেন, তিনি সুপারভাইজার। ড্রাইভিং করার সময় মনোযোগ অন্যদিকে ছিল।

পুলিশসহ দুজন নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশসহ দুজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ যায় মানিকছড়ি থানার এএসআই সাইফুল ইসলাম (৪০) ও মানিকছড়ি ফকিরপাড়ার মো. ইসমাইলের পুত্র মো. হাফিজ মিয়ার (৩০)। এ দুর্ঘটনায় কনস্টেবলসহ দুজন আহত হয়েছেন।

একই রাত ২টার দিকে জেলার হাটহাজারীতে প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ নয়নের (১৭)। উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় সে। এ ছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হন। উপজেলার ঝাওদিয়া ব্রিজ এলাকায় প্রাণ যায় রবজেল হোসেন (৫০) নামের ওই ব্যক্তির।
[তথ্য দিয়েছেন লক্ষ্মীপুর, হাজীগঞ্জ (চাঁদপুর), দাউদকান্দি (কুমিল্লা), হরিণাকুণ্ডু (ঝিনাইদহ), ফটিকছড়ি ও হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি]

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com