নতুন আইন করে খাতভিত্তিক বিজনেস প্রমোশন কাউন্সিলগুলোর কার্যক্রম সমন্বয়ে একটি সাংগঠনিক কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ‘বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিল অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া সম্প্রতি প্রকাশ করে এর ওপর অংশীজনের মত চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
খসড়ায় বলা হয়, বাণিজ্য পদ্ধতি সহজীকরণ, পণ্য ও বাজার বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বিধিবিধান প্রতিপালন করে বৈদেশিক বাণিজ্যে সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিল প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি-বেসরকারি অংশগ্রহণ অথবা যৌথভাবে দেশীয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা অ্যাসোসিয়েশনকে সহায়তা দেওয়া হবে।
এতে বলা হয়, ঢাকায় কাউন্সিলের প্রধান কার্যালয় থাকবে। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কাউন্সিল সরকারের পূর্বানুমোদন নিয়ে বাংলাদেশের যে কোনো স্থানে শাখা কার্যালয় স্থাপন করতে পারবে। কাউন্সিলের একটি পরিচালনা বোর্ড থাকবে। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কাউন্সিল সরকারের পূর্বানুমোদন নিয়ে দেশের যে কোনো স্থানে কার্যালয় স্থাপন করতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান করে ১০ সদস্যের একটি পরিচালনা বোর্ড থাকবে। এ বোর্ডের সার্বিক নির্দেশনা ও সিদ্ধান্তে কাউন্সিল পরিচালিত হবে।