সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পরিবেশ সুরক্ষাও ইবাদত

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
সবুজ পাতার নিঃশ্বাসে যে প্রাণ, বাতাসে যে জীবন, জলধারার কলতানে যে সুর। তার সবই মহান আল্লাহর এক অনুপম দান। মানুষ যখন এই দানের সৌন্দর্যে ডুবে যায়, তখন সে বুঝতে পারে প্রকৃতি শুধু বেঁচে থাকার অবলম্বন নয়, বরং সৃষ্টিকর্তার সান্নিধ্যের এক নিঃশব্দ উপাসনালয়। কিন্তু দুঃখজনক হলো, আধুনিক সভ্যতা সেই পবিত্র উপাসনালয়ের দেয়ালে আগুন ধরিয়ে দিচ্ছে।বন কেটে, নদী মেরে, আকাশে বিষ ছড়িয়ে মানুষ যেন নিজের অস্তিত্বকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অথচ ইসলাম শিখিয়েছে—প্রকৃতির যত্ন নেওয়া শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি ইবাদতেরও  অংশ, আল্লাহর সন্তুষ্টির অন্যতম পথ।

আল-কোরআনে সৃষ্টির ভারসাম্য রক্ষার নির্দেশ

পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, ‘আর তিনি পৃথিবীকে জীবজগতের জন্য স্থাপন করেছেন।’

(সুরা : আর-রহমান, আয়াত : ১০)

এ আয়াত আমাদের জানিয়ে দেয় যে পৃথিবী শুধু মানুষের নয়, এটি সব প্রাণীর সম্মিলিত আবাসস্থল।প্রতিটি পোকা-মাকড়, গাছপালা, পশুপাখি—সবই এই সৃষ্টির পরিপূর্ণ ভারসাম্যের অংশ। মানুষ যদি অহেতুক ধ্বংসযজ্ঞ চালায়, তবে সে আল্লাহর নির্ধারিত ভারসাম্য নষ্ট করছে।অন্য এক আয়াতে মহান আল্লাহ বলেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর তাতে বিশৃঙ্খলা সৃষ্টি কোরো না।’ (সুরা : আল-আরাফ, আয়াত : ৫৬)

এই আয়াত শুধু সামাজিক বিশৃঙ্খলা নয়, বরং পরিবেশগত ধ্বংসকেও অন্তর্ভুক্ত করে।ইমাম ফখরুদ্দীন আর-রাজি (রহ.) তাঁর তাফসিরে কবিবের এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, “যে ব্যক্তি বৃক্ষ ধ্বংস করে, নদী দূষিত করে বা প্রাণীদের প্রতি অন্যায় করে, সে-ও ‘মুফসিদ’ অর্থাৎ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী।”

পরিবেশবান্ধব হতে নবীজির শিক্ষা

রাসুলুল্লাহ (সা.) ছিলেন সর্বাধিক পরিবেশ সচেতন মানব। তিনি বলেছেন, ‘যদি কিয়ামত সংঘটিত হতে থাকে, আর তোমার হাতে কোনো খেজুরগাছের চারা থাকে, তবে সেটি রোপণ করে ফেলো।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ১২৯০২)

কিয়ামতের মতো ভয়ংকর মুহূর্তেও গাছ লাগানোর নির্দেশ এ কথাই প্রমাণ করে যে ইসলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সৃষ্টির সেবায় নিয়োজিত থাকতে আহবান জানায়।

আরেক হাদিসে মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি একটি গাছ রোপণ করে এবং তাতে মানুষ বা প্রাণী আহার করে, তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।

রাসুল (সা.) আরো বলেছেন, ‘অন্যায়ভাবে কোনো জীব হত্যা কোরো না।’ (মুসলিম, হাদিস : ১৯৫৫)

অতএব, বন্যপ্রাণী রক্ষা ও প্রাণীর প্রতি সহমর্মিতা ইসলামী নৈতিকতার অবিচ্ছেদ্য অংশ।

মুসলিম স্কলারদের দৃষ্টিতে পরিবেশ

ইবনুল কাইয়্যিম (রহ.) লিখেছেন, ‘আল্লাহর সৃষ্ট জগতের প্রতিটি কণায় তাঁর প্রশংসা প্রতিফলিত হয়; যে প্রকৃতিকে অবহেলা করে, সে প্রকৃতপক্ষে আল্লাহর নিদর্শনকে অবমাননা করে।’

(মিফতাহু দারিস সাআদাহ, খণ্ড-২, পৃষ্ঠা-৮৮-৮৯)

ইমাম গাজালী (রহ.) লিখেছেন, ‘মানুষ পৃথিবীর আমানতদার, সে যদি এই আমানতের অপচয় করে, তবে কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসিত হতে হবে।’ (ইহইয়াউ উলূমিদ্দীন, কিতাবুত তাওাক্কুল, খণ্ড-৪, পৃষ্ঠা-২৩৮-২৩৯)

এই আমানতের অর্থই হলো প্রকৃতির ভারসাম্য রক্ষা, সম্পদের মিতব্যয়ী ব্যবহার এবং পরিবেশের প্রতি দায়িত্বশীলতা।

ইবাদতের বিস্তৃত দিগন্ত

আমরা সাধারণত ইবাদতকে নামাজ, রোজা, হজ, জাকাতে সীমাবদ্ধ মনে করি। কিন্তু ইসলাম ইবাদতের পরিধি এতটাই বিস্তৃত করেছে যে মানবসেবার প্রতিটি কাজ এবং প্রকৃতির যত্নের প্রতিটি প্রয়াসও ইবাদতের অন্তর্ভুক্ত।

মহান আল্লাহ বলেন, ‘আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য।’ (সুরা : আজ-জারিয়াত, আয়াত : ৫৬)

যেহেতু মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর নির্দেশ মানার জন্য সৃষ্টি, তাই প্রকৃতির যত্ন নেওয়া, অপচয় পরিহার করা, জল সংরক্ষণ করা—সবই ইবাদতের পরিধির মধ্যে পড়ে।

মহানবী (সা.) বলেছেন, ‘পানি ব্যবহারে অপচয় কোরো না, যদিও তুমি প্রবহমান নদীর ধারে থাকো।’

(ইবন মাজাহ, হাদিস : ৪২৫)

এই হাদিস পরিবেশ সচেতনতার এমন এক নৈতিক মানদণ্ড শিখিয়েছে, যা আধুনিক পরিবেশবিজ্ঞানও এখন স্বীকার করছে।

আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহভীরু হই, তবে বৃক্ষরোপণ, দূষণ প্রতিরোধ, পানি ও বাতাসের সংরক্ষণ—সব কিছুই আমাদের নিত্য ইবাদতের অংশ হয়ে উঠবে।

মহান আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টির নিপুণ সৌন্দর্য রক্ষা
করে মহান স্রষ্টার সন্তুষ্টির পথে অগ্রসর হওয়ার তাওফিক দান করুন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com